আর মাত্র দিন পাঁচেক পরেই মাঠে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এ আসরের জন্য সবকিছুই এখন প্রস্তুত। তবে এতকিছুর ভিড়ে রেকর্ডের দিকে চোখ রাখতে ভুল করছেন না ভক্ত-সমর্থকরা।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন সাকিব আল হাসান। এবারের ক্রিকেট বিশ্বমঞ্চের লড়াইয়ে নামার আগে দারুণ কিছুর অপেক্ষায় আছেন লাল-সবুজের এই দলপতি। একাধিক রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগও থাকছে সাকিবের সামনে। তবে এখনই বিশ্বকাপের মঞ্চে একটি তালিকার শীর্ষে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের পেছনে আছেন ভারতের বিরাট কোহলি।
জাতীয় দলের হয়ে এখনও খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যাই সবচেয়ে বেশি। চার বিশ্বকাপ মিলিয়ে ২৯ ম্যাচে ১১৪৬ রান করেছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের চেয়ে বেশি রান আর কারোর নেই।
বৈশ্বিক এই আসরে সাকিবের পরপরই আছেন বিরাট কোহলি। তিন বিশ্বকাপে সাকিবের চেয়ে তিন ম্যাচ কম খেলে কোহলি করেছেন ১০৩০ রান। এই তালিকার তিনে আছেন ডেভিড ওয়ার্নার। ১৮ ম্যাচে এই অজি ওপেনার করেছেন ৯৯২ রান।
তালিকার চার, পাঁচ ও ছয়ে আছেন রোহিত শর্মা (৯৭৮ রান), কেইন উইলিয়ামসন (৯১১ রান), মুশফিকুর রহিম (৮৭৭ রান)। রানিং ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব ও কোহলিই বিশ্বকাপে ন্যূনতম ১০০০ রান করেছেন।
আগামী ৭ই অক্টোবর ধর্মশালায় সাকিবের নেতৃত্বেই আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।




