ভারতের বিপক্ষে দারুণ কিছু করার ইঙ্গিতই দিচ্ছিলেন বাবর-রিজওয়ানরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রোহিত শর্মাদের বিপক্ষে শুরুর সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি পাকিস্তান। ম্যাচে বাবর-রিজওয়ান ফিরতেই হুড়মুড়িয়ে তাদের পুরো ব্যাটিং লাইন-আপ ধসে পড়ে। মাত্র ৩৬ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর পাকিস্তানকে কঠিন খোঁচা দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ। পাকিস্তাকে নিয়ে রীতিমতো বিদ্রূপই করেছেন সাবেক এই ওপেনার।
ম্যাচ চলাকালে বেশ কয়েকটি টুইট করেছেন শেবাগ। রান তাড়ায় ভারত যখন সহজ জয়ের পথে, তখন পাকিস্তানি সমর্থকদের গায়ে জ্বালা ধরানোর মতো টুইট করেন শেবাগ। সেখানে ভারতীয় ওপেনার লিখেন, ‘মনে হচ্ছে বড় ছেলেরা স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলছে।’
এর আগে পাকিস্তানের ব্যাটিং-ধস নিয়েও একটি টুইট করেছিলেন শেবাগ। সেখানে তিনি লিখেছেন, ‘২ উইকেটে ১৫৫ রান তোলার পর পাকিস্তান দলের মনে পড়েছে, সন্ধ্যায় নাশতার সময় হয়ে গেছে। এ জন্য ফাফদা জিলাপি দেখে দ্রুত ১৯১ রানে অলআউট হয়ে গেছে।’
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। দলীয় ১৫৫ রানে আউট হন অধিনায়ক বাবর আজম। এরপর ১৬২ রানে চতুর্থ, ১৬৬ রানে পঞ্চম, ১৬৮ রানে ষষ্ঠ, ১৭১ রানে সপ্তম, ১৮৭ রানে অষ্টম, ১৮৭ রানে নবম ও ১৯১ রানে দশম উইকেট হারায় পাকিস্তান। অর্থাৎ মাত্র ৩৬ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারায় বাবর আজমরা।




