দেশের ক্রিকেটে এমনটা আগে কখনোই হয়নি। ক্রিকেট প্রেমী সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের খারাপ ফর্ম নিয়ে সমালোচনা করলেও খেলোয়াড়দেরকে ‘দুয়ো’ দিতে দেখা যায়নি কখনোই। এবার তাই ঘটলো মিরপুরের ইনডোরে।
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর নিজের বাজে পারফরম্যান্স কাটাতে ঢাকায় ফিরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে অনুশীলন শুরু করেন সাকিব। বুধবারের পর আজ বৃহস্পতিবারও অনুশীলন সেরেছেন সাকিব।
প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।
সকাল ৯টার একটু পরে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর প্রায় সাড়ে ১২টার পরে ত্যাগ করেছেন মিরপুর।
এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। তবে তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি।




