বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ওয়ানডে ফরম্যাটে এটি দু’দলের তৃতীয় লড়াই। আগের দুই লড়াইয়ের মধ্যে ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। কাল নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী সহ-অবস্থানে থাকলেও, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।
২০১০ সালে গ্লাসগোতে প্রথম দেখায় নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেট হারের লজ্জা পেয়েছিলো টাইগাররা।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের চার ম্যাচের সবকটিতেই বাজেভাবে হেরেছে টাইগাররা।
পক্ষান্তরে, নিজেদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে নেদারল্যান্ডসও একটিমাত্র ম্যাচ জিতেছে। তাও আবার এই বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
নিজেদের ষষ্ঠ ম্যাচে তাই সুযোগ থাকবে চলমান বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নেওয়ার।




