ওয়ানডে সুপার লীগে যার অধীনে বাংলাদেশ দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিলো, বিশ্বকাপের আগে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তিনি তামিম ইকবাল। হঠাৎই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। পরে আবার ক্রিকেটে ফিরলেও সুযোগ মেলেনি বিশ্বকাপ স্কোয়াডে। তবে বিশ্বকাপে টাইগারদের বাজে ফর্মের কারণে বারবার ভক্তদের মনে পড়ছে তামিমকে।
১০ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টাইগাররা বাদ পড়ে গেছে সবার আগেই। আলোচনায় থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নাজুক পরিস্থিতি দলের ভরাডুবির বড় কারণ।
দলের টানা ব্যর্থতায় সাকিবদের রীতিমতো ধুয়ে দিচ্ছেন ভক্ত-সমর্থকরা। ক্রিকেটারদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম। জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে গিয়ে সাবেক টাইগার এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি।
ক্রিকেটারদের এমন পারফরম্যান্সের ভুক্তভোগী হচ্ছে তাদের পরিবারও। যে কারণে তামিম জানালেন দিনশেষে তারাও মানুষ, ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।’
বিশ্বকাপে তামিমকে মিস করছেন সমর্থকদের অনেকেই। এ প্রসঙ্গে তিনি, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত।’ তামিমের আবারও ক্রিকেটে ফেরা অনিশ্চিত বলে গুঞ্জন রয়েছে। চট্টলার এই ক্রিকেটারও ধোঁয়াশা রেখে দিলেন। বলেন, ‘জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্য।’




