আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেলেন সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এদিন নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। এরপর অবশ্য বল করে নিজের কোটা পূরণ করেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। পরে লঙ্কানদের দেওয়া ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮২ রানের দারুণ এক ইনিংস সাকিব।
সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ-হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।
বিসিবির ফিজিও যোগ করেন, পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।
চলতি বিশ্বকাপ বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে নিজের চিরচেনা ফর্ম দেখাতে পারেনি বৈশ্বিক এ মহারণে। ৭ ম্যাচে ব্যাট হাতে ১৮৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯ উইকেট।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে মিশন শেষ করবে টাইগাররা।
বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবেন না তিনি। যদি তাই হয়, তাহলে দ্বিতীয় দফায় বাংলাদেশের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। এমনকি সেই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ফরমাটে খেলতে চান। অর্থাৎ পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ সাকিবের পরিকল্পনায় নেই। শেষ পর্যন্ত যদি তেমন কিছুই হয়, তাহলে ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক আসরে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।




