শ্রীলঙ্কা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনা করে একটি সংবাদ মাধ্যমে বক্তব্য রাখায় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ওপর ভীষণ চটেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।
২০২২ সালের মার্চে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত হন ডোনাল্ড। আগামী ৩০শে নভেম্বর বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এতদিন তার চুক্তি নবায়ন নিয়ে হয়েছে নানা জল্পনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজে থেকেই বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা।
বৃহস্পরিবার সন্ধ্যায় টিম মিটিংয়ে বাংলাদেশ দলের হয়ে আর কাজ না করার সিদ্ধান্ত সবার কাছে জানিয়েছেন ডোনাল্ড। জানিয়েছেন, তিনি দেশে ফিরে যাচ্ছেন। এসময় বিগত কয়দিনে ঘটে যাওয়া ঘটনায় তাকে হতাশা প্রকাশ করতেও দেখা যায়। কোচিং প্যানেলের অংশ হিসেবে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে বিশ্বকাপের শেষ ম্যাচে শেষবারের মতো তাকে দেখা যাবে বাংলাদেশ ড্রেসিং রুমে।
ডোনাল্ডের সময়ে বাংলাদেশের পেসাররা দারুণ সফল। বিশ্বকাপের আগপর্যন্ত তার অধীনে ৫০টি ওডিআই খেলেছে টাইগাররা। যেখানে পেসাররা শিকার করেছেন ২১৪ উইকেট। যদিও বিশ্বকাপে আশানুরূপ সাফল্য পায়নি তাসকিন, মোস্তাফিজরা।




