নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল (বুধবার) মাঠে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচ জিতলে কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম কোনো টেস্ট সিরিজ নিশ্চিত হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই ম্যাচ জিততে দুই দলই বদ্ধ পরিকর। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে।
ম্যাচের আগের দিন আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের কাছে নিজের চাওয়া নিয়ে বলেন, ‘বার্তাটা একই রকম থাকবে। আমাদের যা কিছু আছে, তা নিয়েই সামনে এগোতে হবে। নিজেদের শক্তির জায়গা বুঝে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করতে হবে প্রতিটি সেশনে। এই দলটা অভিজ্ঞতার দিক থেকে তরুণ, কিন্তু স্কিলের দিক থেকে তারা খুব ভালো। তাদের স্বাধীনতা নিয়ে খেলতে দেওয়া হয়েছে যেভাবে তারা এনসিএলে খেলে।’
দলের একাদশ সাজানো নিয়ে হাথুরু বলছিলেন, ‘আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে আপনার সীমাবদ্ধতা কোথায়— এসব টেকটিক্যাল। আফগানিস্তানের বিপক্ষে এখানে সর্বশেষ যে টেস্ট হয়েছে তখন পিচ অন্যরকম ছিল। উইকেট প্রস্তুত করার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। ৩ পেসার নিয়ে খেলা হয়েছিল প্রতিপক্ষের কথা মাথায় রেখে। আমাদের এখন যে স্কিল আছে সে অনুযায়ী খেলব। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।’
এদিকে, মিরপুরেও আরেকটি স্পিনযুদ্ধ হতে পারে বলে মনে করেন কিউই অধিনায়ক টিম সাউদি, ‘আপনি যখন পৃথিবীর এই প্রান্তে আসবেন, তখন আশা করবেন স্পিনাররা এখানে বড় ভূমিকা পালন করবে। আমরা প্রথম টেস্টে যেমনটা দেখেছি এবং আমরা আশা করছি দ্বিতীয় টেস্টেও একইরকম হবে। সব মিলিয়ে আমার মনে হয় প্রথম টেস্টে কাইল (জেমিসন) অনেক সুযোগ তৈরি করেছিল। তাই আমরা ভালো কিছুর আশা করছি এবং এমনকি এই কন্ডিশনেও সে ভয়ঙ্কর হতে পারে। পৃথিবীর এই প্রান্তে সব সময়ই স্পিন যুদ্ধ হয় এবং আমরা এটাই আশা করছি।’




