চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লামিন ইয়ামাল ।
গত ১৬ ডিসেম্বর চোট পেয়েছিলেন ইয়ামাল। লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান তিনি। তখন ধারণা করা হয়েছিল, সেই চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।
তাই স্প্যানিশ সুপার কাপে ইয়ামালের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত চোট কাটিয়ে উঠেছেন তিনি। ফলে গতকাল বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন এই তরুণ স্ট্রাইকার।
গত গ্রীষ্মে স্পেনের ইউরো জয়ে বড় অবদান রাখা ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার জার্সিতেও সমান উজ্জ্বল। দুইবার চোটে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেন ৬টি, অবদান রাখেন সতীর্থদের ১১টি গোলে।




