গুঞ্জন শোনা যাচ্ছে– ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান।
এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। আদৌ তিনি ফিরবেন কিনা, কিংবা অবসর নিচ্ছেন কিনা; সেই ধোঁয়াশা কাটেনি।
তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্য করেনইনি, একইসঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি।
এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে তামিমকে।
আসলেই কি তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরবেন? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কদিন আগে বিপিএলের ম্যাচের পর ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দল নিয়ে আর ভাবছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে বিসিবির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, তিনিও নিজ থেকে যোগাযোগ করেননি; এমনটাই জানিয়েছিলেন তামিম।
পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন আগে থেকেই। তেমনই একটি ভিডিও দিয়েছেন গতকাল (শুক্রবার) রাতে। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবিরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’
প্রশ্নের জবাবে তামিম বলেন,‘জাতীয় দলে আর খেলছি না’।




