তারকার মেলা বসেছিল আগেই। মৌসুমের শুরুতে ব্রাজিলে ফিরেন নেইমার, অস্কারদের মত তারকা। এছাড়া এইতো কিছুদিন আগে চেলসি ছেড়ে স্ট্রাইকার ডেভিড ওয়াশিংটন যোগ দেন নেইমারের ক্লাব সান্তোসে। এবার সেই তালিকায় যোগ দিলেন আরো একজন। আরো এক তরুণ তারকা ফিরলেন ব্রাজিলে। ব্রাজিলের ক্লাব পালমেরাসে এবার যোগ দিলেন তরুণ তারকা ভিটর রক।
এর আগে ব্রাজিলের লীগ থেকে ৬০ মিলিয়নের বিশাল অঙ্কে বার্সেলোনায় যোগ দেন রক। তাকে নিয়ে বড় পরিকল্পনা ছিল বার্সেলোনার। লেওয়ান্ডোয়েস্কির পর বার্সা দলের হাল ধরবেন তিনি এমনটাই ছিল প্রত্যাশা। তবে সে প্রত্যাশা পুরণ করতে পারেননি, উলটো বার্সেলোনা দলের সাথে একের পর এক ঝামেলার কথা শোনা যায় তার। এক সময় সুযোগ না পেয়ে যান লোনে, যোগ দেন রিয়াল বেটিসে।
সেখানে গিয়ে কিছুটা নিজেকে ফিরে পান রক। তবে সেটা বার্সেলোনার মত দলকে ইম্প্রেস করার জন্য মোটেও যথেষ্ট ছিল না। উলটো নানা সময় শুরুর একাদশে সুযোগ পেয়েও ধারাবাহিকতা দেখাতে পারেননি, দেখেছেন উলটো লাল কার্ড। ফলে রিয়াল বেটিসও তার সাথে লোনের মেয়াদ বাড়াতে আগ্রহী হয়নি। এই মুহুর্তে বার্সেলোনা ও রিয়াল বেটিস দুই দলই সম্মত হয়েছে রকের ব্যাপারে।
আর এই সুযোগ গ্রহণ করে ব্রাজিলের লীগ সিরিআ এর ক্লাব পালমেরাস। লা লীগায় রক পারফর্ম না করতে পারলেও ব্রাজিলের লীগে প্রমাণিত তিনি। লা লীগায় যোগ দেওয়ার আগে এথলেটিকো পারানেসের হয়ে এক মৌসুমে করেন ২১ গোল। এদিকে পালমেরাস ছেড়েছেন আক্রমণের দুই তরুণ খেলোয়াড় এন্ড্রিক ও এস্তেভিও উইলিয়ান। তাদের বদলি হিসেবে দলে দারুণ মানের কাউকে দরকার ছিল তাদের। শিরোপা ধরে রাখার মিশন সেখানেই রককে দলে নিয়েছে তারা।
রককে দলে নিতে ২৫ মিলিয়ন ইউরো খরচ করবে পালমেরাস। যে অর্থের ৩০ ভাগ পাবে তাকে লোনে রাখা ক্লাব রিয়াল বেটিস। এর আগে রিয়াল বেটিসের সাথে মরোক্কিয়ান তারকা আবদের লেনদেন করে বার্সেলোনা। এবার বেটিসে থাকাকালীন রকের ট্রান্সফার সম্পন্ন করলো ক্লাবটি।
সব মিলিয়ে এবার রকের সামনে নতুন চ্যালেঞ্জ, নতুনভাবে নিজেকে মেলে ধরার প্রত্যয়। ব্রাজিল দলে নাম্বার নাইনের অভাব আছে, সেখানে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারলে জাতীয় দলের দরজাও খোলা থাকবে তার জন্য। এবার দেখা যাক, সে সুযোগ কিভাবে কাজে লাগান ভিটর রক।




