আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি টি–টোয়েন্টি সিরিজে পরাজয়ে বিধ্বস্ত বাংলাদেশের ক্রিকেট দল।
ঈদের ছুটির আগে টাইগারদের সামনে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও, সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ—ঈদের পর শ্রীলঙ্কার বিপক্ষে এওয়ে সিরিজ।
সেই সিরিজের প্রস্তুতিতেই আজ সকাল থেকেই মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ গ্রাউন্ডে দেখা মিলেছে টাইগারদের কয়েকজন ক্রিকেটারের।
ব্যাটিং ব্যর্থতা নিয়ে যখন নানা সমালোচনা, তখনও বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল দিক হিসেবে উঠে এসেছে ফিল্ডিং। আর সেটাই মাথায় রেখেই আজকের অনুশীলনের শুরুটা হয় ফিল্ডিং দিয়ে।
প্রথমেই হাই ক্যাচ নিয়ে ক্যাচিং প্র্যাকটিস শুরু করেন পেসার নাহিদ রানা। সোজা বল, দিক পরিবর্তন করে উঁচু ক্যাচ, সব কিছুতেই নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করেন তিনি।
সবার আগেই মাঠে দেখা গেছে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান–কে।
গ্লাভস হাতে কিপিংয়ের অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি। পায়ের মুভমেন্ট থেকে শুরু করে বল ধরার ফোকাস, সবদিকেই চোখে পড়েছে তার মনোযোগ। ক্রিকেটপাড়ায় ইতোমধ্যেই গুঞ্জন—সোহানই বাংলাদেশের বর্তমান সেরা ‘প্যাকেজ’।
কারণ কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি দলের প্রয়োজনে অবদান রেখে চলেছেন নিয়মিত।
নিউজিল্যান্ড সিরিজে তার দৃঢ় ইনিংসগুলো এখনো টাটকা স্মৃতিতে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয় আজ ফিরেছেন মাঠে প্রস্তুতির জন্য। ওয়ার্ম-আপ শেষে ব্যাট-প্যাড পরে নেমে যান ব্যাটিং অনুশীলনে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুযোগ পেতে হলে বিজয়কে রানেই দিতে হবে নিজের প্রমাণ।
এই প্রস্তুতিকে ঘিরে ইতিবাচক বার্তা দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট। একাধিক সিনিয়র খেলোয়াড়ের ইনজুরি ও বাজে ফর্মের কারণে এখনই পরবর্তী সিরিজের জন্য ‘নতুন কোর’ প্রস্তুত করতে চায় টিম ম্যানেজমেন্ট।
বলা যায়, টানা হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুতির বিকল্প নেই। আর সেই প্রস্তুতির সূচনা আজ হয়েছে মিরপুরে। যেখানে হাসি-আনন্দ নয়, মুখে ছিল সিরিয়াসনেস আর চোখেমুখে ছিল আত্মপ্রত্যয়ের স্পষ্ট ছাপ।




