গ্লোবাল সুপার লীগে আজ এক জমজমাট লড়াই,সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছে সোহান-সৌম্যদের রংপুর রাইডার্স। যেখানে একসময় রংপুরের হয়ে মাঠ কাঁপিয়েছেন সাকিব, এবার সেই দলের বিপক্ষেই দেখা যাবে তাকে।
দুই দলই শুরু করেছিল জয় দিয়ে। গায়ানা এমাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে রংপুর জয়ের সূচনা করে।
অন্যদিকে, সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট্রাল স্টেজকে হারিয়ে শুভ সূচনা করে দুবাই। কিন্তু এরপর ভাগ্য পুরোপুরি বদলে যায়।
রংপুর টানা দ্বিতীয় জয় তুলে নেয় হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। আর ক্যাপিটালস পরের দুই ম্যাচেই হেরে বসে। শেষ ম্যাচে তো ১০০ রানও ছুঁতে পারেনি তারা।
দুবাইয়ের মূল সমস্যা ব্যাটিং লাইনআপ। আতাল ও ডিকওয়ালার কিছু অবদান থাকলেও বাকি ব্যাটাররা ব্যর্থ।
বিপরীতে রংপুরের ব্যাটিংয়ে ধারাবাহিক ফর্মে আছেন মায়ার্স, ইফতিখার, এমনকি সৌম্যও। বোলিংয়ে খালেদ, ওমরজাই, রকিবুলরা দারুণ ধারাবাহিক।
তবে রংপুরের কিছু দুর্বলতাও আছে,বিশেষ করে দেশি ব্যাটারদের ব্যর্থতা এবং শুরুর ওভারগুলোতে রান হজম।
ইয়াসির, সোহানরা এখনও বড় ইনিংস খেলতে পারেননি।
সবদিক বিবেচনায় কাগজে-কলমে এগিয়ে রংপুর। তাদের স্কোয়াডে যেমন ভারসাম্য আছে, তেমনি আছে অভিজ্ঞতা আর ধারাবাহিকতা।
বিপরীতে, দুবাই ক্যাপিটালস অনেকটাই নির্ভর করছে সাকিব ও কয়েকজনের ওপর।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে এই হাইভোল্টেজ ম্যাচ। এবার দেখার পালা, সাকিব কি পারবেন দলকে হারের বৃত্ত থেকে টেনে তুলে জয় উপহার দিতে? নাকি রংপুরেরই বজায় থাকবে জয়ের ধারা!




