টি-টোয়েন্টি ক্রিকেটে শুধুমাত্র ধারাবাহিকতা নয়, দলের সাফল্যের জন্য দরকার এমন কিছু ইনিংস, যা ম্যাচের রং বদলে দিতে পারে।
সাবেক অধিনায়ক আকরাম খান সম্প্রতি এই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। তার মতে, সৌম্য সরকার সেই ধরনের ব্যাটার, যিনি ছন্দে থাকলে পুরো দলের চেহারাই পাল্টে যায়।
সৌম্যকে নিয়ে আকরাম বলেন, ‘সৌম্যও খুব ভালো খেলোয়াড়। সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়।
যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়।’
আকরামের ভাষ্য অনুযায়ী, সৌম্যের মতো ক্রিকেটাররা অনেক সময় ধারাবাহিক না হলেও, একটি ভালো ইনিংসেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। টি-টোয়েন্টির মতো গতিময় ফরম্যাটে এ ধরনের খেলোয়াড়দের গুরুত্ব অনেক বেশি।
শুধু সৌম্য নয়, বর্তমান জাতীয় দলে আরেক ওপেনার নাঈম শেখকে নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক।
বিশেষ করে টি-টোয়েন্টির পাওয়ার প্লে নিয়ে তিনি আলাদা করে দৃষ্টি দেন।
এই বিসিবি পরিচালক বলেন, ‘নাইম একজন ভালো খেলোয়াড়। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ।
সেখানে টেকনিকের থেকে অ্যাপ্রোচ বেশি গুরুত্বপূর্ণ। যেমন, শেষ ম্যাচে পাকিস্তান ১৭৮ করেছিল, তখন আমাদের প্রথম ছয় ওভারে কমপক্ষে ৬০ এর কাছাকাছি যাওয়া উচিত ছিল।’
শুধু ভালো টেকনিক নয়, পাওয়ার প্লেতে আক্রমণাত্মক মানসিকতা জরুরি,এই বার্তাও দেন আকরাম।
তিনি বলেন, ‘অবশ্যই ব্যাটারদের আক্রমণ করে খেলতে হবে, না হলে বোলাররা চড়ে বসবে।
নাইমের এই জায়গায় ভালো করতে হবে। নাইম শেখ ভালো খেলোয়াড়, ঘরোয়া ক্রিকেটেও অনেক ভালো করেছে।
কিন্তু ওর অ্যাপ্রোচটা যদি বদলায় তাহলে হয়তো ও আরো ভালো করতে পারবে।’
সব মিলিয়ে আকরাম খানের চোখে সৌম্যর মতো এক ইনিংসেই ম্যাচের চেহারা বদলে দেওয়া ব্যাটাররাই টি-টোয়েন্টিতে দলে বেশি গুরুত্বপূর্ণ!




