দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানাচ্ছে, আগামী ২৫ আগস্ট যখন কার্লো
আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবেন, তখন সরাসরি উপস্থিত থাকার সম্ভাবনা আছে নেইমারেরও।
সান্তোসে নিয়মিত খেলার মাধ্যমে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ায় এবার জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল।
এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে মুখোমুখি হবে আনচেলত্তির দল।
সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই ম্যাচেই মাঠে দেখা যাবে নেইমারকে।
মাসের হিসেবে জাতীয় দলে তার প্রত্যাবর্তন হচ্ছে প্রায় ২২ মাস পর।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
এসিএল ছিঁড়ে যাওয়ার কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল।
সেই আঘাত থেকে সেরে উঠতে গিয়ে একে একে পেরিয়ে গেছে অনেক মাস।
যদিও জুন মাসের ফিফা উইন্ডোতে ফেরার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আনচেলত্তি তখনও তাকে স্কোয়াডে নেননি।
সেই সময়ে নেইমার ছাড়া মাঠে নেমেও ব্রাজিল কিছুটা সাফল্য পায়।
ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও অন্য তরুণদের ওপর নির্ভর করা আনচেলত্তির দল।
তবে এই ম্যাচগুলো স্পষ্ট করেছে যে, অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকাদের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি।
নেইমারের মতো বিশ্বমানের ফরোয়ার্ড ফিট থাকলে তাকে দলে রাখবেন না, এমনটা ভাবাই যায় না।
ব্রাজিলের জার্সিতে নেইমার সবসময়ই বিশেষ কিছু। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন।
তার অভিজ্ঞতা ও খেলার ধরন যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম।
আনচেলত্তি তাই এবারের উইন্ডোতে ফিট নেইমারকে ব্যবহার করতে চাইবেন বলেই ধরে নেওয়া হচ্ছে।




