বার্সেলোনার ঐতিহাসিক হোম ভেন্যু ক্যাম্প ন্যুর সংস্কার কাজ শেষ। আধুনিক রূপে স্পোটিফাই ক্যাম্প ন্যু নতুনভাবে উন্মোচনের প্রস্তুতি চলছে জোরেশোরে।
আর সেই নতুন অধ্যায়েই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে স্মরণীয় করে রাখতে আরও একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। বার্সেলোনা সভাপতি জোয়ান লাপার্তা নিশ্চিত করেছেন,স্টেডিয়ামের বাইরে মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
লাপার্তা জানান, বার্সেলোনা সমর্থকদের দীর্ঘদিনের আশা,মেসিকে ক্লাবের অন্যান্য কিংবদন্তির মতো সম্মান জানানো হোক।
নতুন স্টেডিয়ামের সামনে যে প্রতীকী স্থানটি রয়েছে, সেখানে বর্তমানে ক্লাব কিংবদন্তি জোয়ান ক্রুইফ এবং লাসজলো কুবালার ভাস্কর্য শোভা পাচ্ছে। তাদের পাশে মেসির ভাস্কর্য স্থাপন করেই ক্লাবটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার অবদানকে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করতে চায়।
বার্সা সভাপতি বলেন, “আমরা সকল পক্ষ চাই, লিও মেসির একটি ভাস্কর্য স্পোটিফাই ক্যাম্প ন্যুতে থাকুক। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ডিজাইন চূড়ান্ত হলে মেসির পরিবারকে দেখানো হবে এবং তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, “মেসি সবসময় বার্সার অংশ। তার জন্য আমাদের দরজা সবসময় খোলা। তিনি এমন একজন আইকনিক খেলোয়াড়, যিনি ক্লাবের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন।”
মেসির বার্সেলোনায় অবদান ফুটবল ইতিহাসে অনন্য। মাত্র ১৩ বছর বয়সে লা মাসিয়ার সঙ্গে যাত্রা শুরু করে দুই দশকেরও বেশি সময়ে ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৭৭৮ ম্যাচ, করেছেন ৬৭২ গোল।
জিতেছেন ১০টি লা লিগা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি ক্লাব বিশ্বকাপসহ অগণিত ব্যক্তিগত ও দলীয় ট্রফি।
২০২১ সালে আর্থিক সংকটের কারণে অপ্রত্যাশিতভাবে বার্সেলোনা ছাড়লেও ক্লাব ও সমর্থকদের হৃদয়ে তার স্থান অপরিবর্তিত।
স্পোটিফাই ক্যাম্প ন্যুর নতুন রূপ ফুটবল বিশ্বে নতুন ইতিহাস তৈরি করবে বলেই আশা ক্লাবটির। আর সেই ইতিহাসের সামনে, স্টেডিয়ামের প্রবেশমুখে,সময়কে অতিক্রম করে দাঁড়িয়ে থাকবে লিওনেল মেসির ভাস্কর্য,যা প্রজন্মের পর প্রজন্ম বার্সেলোনার সর্বকালের সেরা নায়কের স্মৃতি বহন করবে।




