সিরিয়া ‘’এ’-তে শীর্ষ চারে নিজেদের অবস্থান সুদৃঢ় রাখতে রোববার পিসার বিপক্ষে ম্যাচটি ইন্টার মিলানের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টানা দুই ম্যাচে হারায় চাপ ছিল স্পষ্টই। মাঠে নেমে শুরুতে যথেষ্ট ছন্দ খুঁজে পাচ্ছিল না নেরাজ্জুরিরা। আক্রমণে ধার ছিল কম, মাঝমাঠেও ছিল ছড়ানো-ছিটানো খেলা। এমন সময় দলের পক্ষের গতিপথ বদলে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ,দুই গোল করে একাই তুলে আনেন গুরুত্বপূর্ণ জয়।
৬৯তম মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত দৃষ্টিসম্পন্ন প্লেসমেন্টে প্রথম গোলটি করেন লাউতারো।
প্রতিকূল অবস্থায় পাওয়া এই গোল ইন্টারের খেলায় নতুন গতি আনে। এরপর ম্যাচের ৮৩ মিনিটে আরেকটি পরিপাটি ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুই গোলেই ইন্টার পায় প্রয়োজনীয় তিন পয়েন্ট, আর লাউতারো আবারও প্রমাণ করেন দলের আস্থার জায়গাটি কতটা দৃঢ়।
ম্যাচটি লাউতারোর ব্যক্তিগত ক্যারিয়ারেও বিশেষ তাৎপর্য বহন করে। এটি ছিল তার সিরি ‘আ’-তে ২৫০তম ম্যাচ।
সেই স্মরণীয় দিনে তিনি রেকর্ড গড়েন ইতালিয়ান শীর্ষ লিগে সর্বোচ্চ ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করা প্রথম ফুটবলার হিসেবে।
দীর্ঘ ইতিহাসে এতদিন যা কেউ করতে পারেননি, লাউতারো সেটিই সম্ভব করেন।
ইন্টার মিলানের হয়ে তার গোলসংখ্যা এখন ১৬৩।
এদিনের ডাবল গোলের মাধ্যমে তিনি ক্লাবের চতুর্থ সর্বোচ্চ স্কোরার সান্দ্রো মাজ্জোলাকে পেছনে ফেলেছেন।
সামনে আছেন আলেসান্দ্রো বোনিনসেগনা, যিনি করেছেন ১৭১ গোল,যা ছুঁতে লাউতারোর দরকার মাত্র ৯ গোল।
ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জিউসেপে মেয়াজার ২৮৪ গোলের রেকর্ড যদিও দূরে, তবে বর্তমান ফর্ম বিবেচনায় তা আর অপ্রাপ্তিযোগ্য নয়।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লাউতারোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০। লিগে ১৩ ম্যাচে ইন্টারের সংগ্রহ ২৭ পয়েন্ট, যেখানে এসি মিলান ও নাপোলি রয়েছে ২৮ পয়েন্ট নিয়ে। প্রতিদ্বন্দ্বিতামূলক এই অবস্থায় লাউতারোর ধারাবাহিক পারফরম্যান্স ইন্টার মিলানকে শিরোপার লড়াইয়ে নতুনভাবে শক্তি জোগাচ্ছে।




