ক্যারিয়ারে সান্তোসের হয়ে ১৫০ গোলের মাইলফলক ছুলেন নেইমি।তাও দারুন সময়ে দুর্দান্ত ভাবে।
কাতার বিশ্বকাপের পর থেকে নিজেকে আবার খুঁজে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র।
ইনজুরির ধাক্কায় দীর্ঘদিন জাতীয় দলের বাইরে এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে আবারও বিশ্বকাপের দরজা খুলে দিতে মরিয়া তিনি।
সেই লক্ষ্যেই ঝুঁকি নিয়েও নেমেছিলেন জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে।
আর ইনজুরি সঙ্গী করেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিন বছর পর করলেন স্মরণীয় এক হ্যাটট্রিক।
বুধবার দিবাগত রাতে আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে জুভেন্তুদের ৩-০ ব্যবধানে হারিয়েছে সান্তোস।
দলের সবগুলো গোলই এসেছে নেইমারের পা থেকে, তাও মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। এই জয়ে অবনমন অঞ্চলের ঝুঁকি কাটিয়ে লিগে একটু স্বস্তির জায়গায় ফিরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
ম্যাচের ৫৬তম মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে নেইমার তুলে নেন প্রথম গোল।
এরপর ইগর ভিনিসিউসের দারুণ ক্রস থেকে হালকা টাচে জালে পাঠান দ্বিতীয়টি। শেষদিকে পাওয়া পেনাল্টি থেকে সম্পন্ন করেন ক্যারিয়ারের আরেকটি হ্যাটট্রিক,২০২২ সালের এপ্রিলের পর যা তার প্রথম।
৮৩ মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে। শেষ দুই ম্যাচে নেইমারের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪-এ।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে তার গোল ৮টি, সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্ট।
৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে সান্তোসের সংগ্রহ ৪৪ পয়েন্ট। অবস্থান ১৪ নম্বরে। শেষ ম্যাচে যদি হার এড়াতে পারে, তবে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে দলটি।
তবে নেইমারের ইনজুরি নিয়ে শঙ্কা রয়ে গেছে। গত সপ্তাহে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, মৌসুম শেষে ৩৩ বছর বয়সী তারকার বাম হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারি প্রয়োজন হতে পারে। ব্যথা নিয়েই তাকে দলকে বাঁচানোর লড়াইয়ে মাঠে নামতে হচ্ছে।
আগামী রোববার ক্রুজেইরোর বিপক্ষে সান্তোস খেলবে মৌসুমের শেষ ম্যাচ। নেইমারের হ্যাটট্রিকের পর দল ও সমর্থকরা এখন তাকিয়ে তারই দিকে,শেষ ম্যাচেও কি তিনি ধরে রাখতে পারবেন এই দুর্দান্ত ছন্দ?




