ব্রাজিলের প্রখ্যাত ফুটবলার ও চেলসির প্রাক্তন মিডফিল্ডার অস্কার পেশাদার ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
সম্প্রতি সাও পাওলোতে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হওয়ার পর চিকিৎসকরা তার হৃদ্যন্ত্রে গুরুতর সমস্যার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই স্বাস্থ্য সতর্কতার কারণে ৩৪ বছর বয়সী খেলোয়াড়টি বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনা ঘটে সাও পাওলোর ট্রেনিং গ্রাউন্ডে, যখন তিনি এক্সারসাইজ বাইকে ইন্টারভাল ফিটনেস টেস্ট করছেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং সাবধানতার সঙ্গে আইসিইউতে রাখা হয়।
পরবর্তীতে পরীক্ষায় দেখা যায়, তিনি ভাসোভ্যাগাল সিনকোপে আক্রান্ত হয়েছেন। এটি একটি শারীরিক অবস্থার ফলে হৃদস্পন্দন ও রক্তচাপ হঠাৎ করে বিপজ্জনকভাবে কমে যেতে পারে।
এই ঘটনার পরই অস্কার ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি আর পেশাদার ফুটবল চালিয়ে যেতে আগ্রহী নন। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফুটবল জীবনের সমাপ্তি ঘোষণা করা হবে।
অস্কার সাও পাওলো যুবদল থেকে উঠে ইউরোপে চেলসির হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে ২০৩ ম্যাচে ৩৮ গোল করেন।
তার শিরোপা তালিকায় দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ ও একটি লিগ কাপ রয়েছে। চীনা সুপার লিগে প্রায় আট বছর খেলার পর গত বছর তিনি নিজের শৈশবের ক্লাবে ফিরে আসেন। তবে মেরুদণ্ডে চিড় ধরা পড়ায় সেই মৌসুমে খেলার ছন্দ হারান।
ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও অস্কারের অবদান উল্লেখযোগ্য। ৪৮ আন্তর্জাতিক ম্যাচে ১২ গোল করেন এবং কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপ জয়ী দলের অংশ ছিলেন। এই হৃদরোগজনিত ঘটনার কারণে তার অবসরের সিদ্ধান্ত ফুটবল ভক্তদের বড় সড় ধাক্কা দিয়েছে।




