আনিসুর রহমান জিকো যেন বাংলার বাজপাখি,বাংলার এমিলিয়ানো মার্টিনেজ!
আবারো পেনাল্টি সেইভ করলেন এই গোলকিপার,
বসুন্ধরার হয়ে নিজের চেনা রুপে ফিরেছেন জিকো,নিয়মিত করছেন বাজিমাত।
জাতীয় দলে এখন অন্তত না ফেরার কারন নেই বলাই যায়।তার সেইভ ও ম্যাচ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে :-
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
তবে ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। গুরুত্বপূর্ণ মুহূর্তে দিয়াবাতের পেনাল্টি ঠেকিয়ে আবারও প্রমাণ করেছেন কেন তাঁকে ডাকা হয় ‘বাংলার এমিলিয়ানো মার্টিনেজ’।
শনিবার কিংস অ্যারেনায় অষ্টম রাউন্ডের এই ম্যাচে শুরুটা দারুণ ছিল স্বাগতিক কিংসের।
ম্যাচের পঞ্চম মিনিটেই ইয়াসিন খানের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে রাকিব হোসেন নিখুঁত শটে দলকে এগিয়ে দেন। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সান্ডে। তখন মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কিংসের হাতেই।
তবে সহজে হার মানেনি আবাহনী। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান সুলেমানে দিয়াবাতে।
বিরতির পর ৫১তম মিনিটে শেখ মোরসালিনের সঙ্গে চমৎকার সমন্বয়ে আবারও গোল করেন দিয়াবাতে, ম্যাচে সমতা ফেরে ২-২।
ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৭০তম মিনিটে। কিংসের ডিফেন্ডার এমানুয়েল টনি অফসাইড ভেবে বক্সের ভেতরে হাত দিয়ে বল ধরলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ পায় আবাহনী।
কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে হাজির আনিসুর রহমান জিকো। দিয়াবাতের শক্তিশালী স্পট কিক দুর্দান্ত রিফ্লেক্সে ফিরিয়ে দিয়ে কিংসকে নিশ্চিত হার থেকে বাঁচান তিনি।
এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি ঠেকালেন জিকো, যা তাঁকে আবারও জাতীয় দলের আলোচনায় নিয়ে এসেছে।
আত্মবিশ্বাস, আগ্রাসী উপস্থিতি আর চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত,সব মিলিয়ে তাঁকে এখন অনেকেই তুলনা করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে।
ড্র হলেও ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস।
১০ পয়েন্ট নিয়ে আবাহনী আছে পঞ্চম স্থানে। তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় প্রশ্ন একটাই এই পারফরম্যান্স কি জিকোর জাতীয় দলে ফেরার দরজা খুলে দেবে? মাঠের পারফরম্যান্স বলছে, উত্তরটা হয়তো ‘হ্যাঁ’।




