আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়ার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন নয়।
তবে সম্প্রতি গুইলের্মে লোপেজের শো ‘জুয়েগো চিনোতে ‘ দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজেই খোলামেলা কথা বলেছেন ৩৭ বছর বয়সী এই উইঙ্গার।
২০২৫ সালে রোসারিও সেন্ট্রালের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় দলে ফেরার ইচ্ছা আছে কি না।
উত্তরে ডি মারিয়া সোজাসাপ্টা বলেন, “মাঝে মাঝে মনে হয় হ্যাঁ।” তবে সঙ্গে সঙ্গে বাস্তবতাও মনে করিয়ে দেন তিনি। স্পষ্ট করে জানান, জাতীয় দলে ফেরার সম্ভাবনা “১০০ শতাংশ না”।
ডি মারিয়া ভালো করেই জানেন, ২০২৪ সালেই আন্তর্জাতিক ফুটবলে তার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্ব জয়ের মধ্য দিয়ে তিনি নিজেই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। তার বিদায়টা ছিল স্মরণীয় এবং গৌরবময়।
২০০৮ বেইজিং অলিম্পিকের ফাইনাল, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপ ২০২২,সবগুলো বড় ফাইনালেই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
খুব কম ফুটবলারই এমন বিদায় উপহার দিতে পারেন।
সাক্ষাৎকারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে,তার ব্যক্তিগত উন্নয়নে সাইকোলজিস্টের ভূমিকা।
ডি মারিয়া জানান, একজন সাইকোলজিস্ট তাকে এমন কিছু দৃষ্টিভঙ্গি দিয়েছেন, যা বাইরের মানুষ কেবল দর্শক হিসেবে দেখে।
এখন তিনি বুঝতে পেরেছেন, সমালোচনা আর চাপও সেই ‘শো’-এরই অংশ, যেটা তাকে প্রতিনিয়ত উপস্থাপন করতে হয়।
এই মানসিক পরিবর্তন তাকে সমালোচনার মোকাবিলা করতে আরও শক্ত করেছে।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের কথাও স্মরণ করেন ডি মারিয়া। একসময় তিনি প্রায় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কাছাকাছি চলে গিয়েছিলেন।
তার বাবা সতর্ক করে বলেছিলেন, উন্নতি না হলে স্বপ্ন ছেড়ে দিতে হবে। ঠিক তখনই রোসারিওতে প্রথম দলে সুযোগ পান তিনি। মজা করে বলেন, “সব শেষ হয়ে গিয়েছিল, তারপর ডিসেম্বরেই প্রথম দলে উঠলাম,বড় বিপদ কেটে গেল!”
বেনফিকায় যোগ দেওয়ার সময়ের আবেগঘন স্মৃতিও তুলে ধরেন ডি মারিয়া। শর্ত ছিল,পুরো পরিবার তার সঙ্গে যাবে।
পর্তুগাল কোথায় বা পর্তুগিজ ভাষা সম্পর্কে তেমন ধারণা না থাকলেও, আজ লিসবন ও বেনফিকার প্রতি তার গভীর ভালোবাসা। ইউরোপীয় ক্যারিয়ারের শুরু ও শেষ দুটোই এই ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকায় জায়গাটির প্রতি আবেগ স্বাভাবিকভাবেই বিশেষ।




