ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। গুঞ্জন উঠেছে, তিনি এমএলএস ক্লাব ইন্টার মায়ামি-তে যোগ দিতে আগ্রহী।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর তথ্য অনুযায়ী, কাসেমিরো সম্প্রতি ফ্লোরিডা সফর করে ব্যক্তিগতভাবে সম্ভাব্য ট্রান্সফার নিয়ে খোঁজখবর নিয়েছেন। ২০২৬ সালের বিশ্বকাপ শেষে নতুন অধ্যায় শুরু করতে এমএলএসকেই অগ্রাধিকার দিচ্ছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
ইন্টার মায়ামি বর্তমানে তাদের মিডফিল্ড শক্তিশালী করার পরিকল্পনায় কাসেমিরোকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যাম-এর তত্ত্বাবধানে গড়ে ওঠা প্রকল্পে বিশ্বতারকাদের সমাবেশ রয়েছে। কিংবদন্তি মিডফিল্ডার সার্জিও বুসকেটস অবসর ঘোষণার পর মাঝমাঠে নতুন নেতৃত্বের খোঁজে রয়েছে দলটি,সেই শূন্যস্থান পূরণে কাসেমিরোকে আদর্শ বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে, দলে আগে থেকেই আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেসির সঙ্গে একই দলে খেলার সম্ভাবনাও কাসেমিরোর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও, মায়ামি প্রকল্পই বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় বিকল্প। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক আলোচনা জোরদার হতে পারে।
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৫ ম্যাচে মাঠে নেমে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন কাসেমিরো,যা প্রমাণ করে, ৩৩ বছর বয়সেও তিনি এখনও কার্যকর পারফরমার।
সব মিলিয়ে, বিশ্বকাপ-পরবর্তী সময়ে মেসি-কাসেমিরো জুটি এমএলএসে দেখা গেলে তা বিশ্ব ফুটবলে নতুন আকর্ষণ যোগ করবে।




