ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত এক মহারণ,আর্জেন্টিনা বনাম স্পেন, অর্থাৎ ফিনালিসিমা। কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম-এ ২৮ মার্চ বসার কথা ছিল এই তারকাখচিত আসর।
একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল,দু’প্রজন্মের দুই তারকার সম্ভাব্য দ্বৈরথ ঘিরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
তবে মাঠে গড়ানোর আগেই ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ায় তার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। নিরাপত্তাজনিত শঙ্কায় কাতার ফুটবল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে লড়াই প্রসঙ্গ সরাসরি উল্লেখ না থাকলেও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিই যে এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ, তা স্পষ্ট।
কবে নাগাদ খেলা আবার শুরু হবে, সে বিষয়েও নিশ্চিত কোনো সময়সীমা জানানো হয়নি।
এমন অবস্থায় নির্ধারিত সূচি অনুযায়ী ফিনালিসিমা আয়োজন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ইতোমধ্যে ভেন্যু পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।
তার ভাষ্য, এই লড়াই পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত,এ অবস্থায় বিকল্প ভেন্যু ভাবাই হতে পারে বাস্তবসম্মত সমাধান। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
শুধু এই ম্যাচই নয়, কাতারে আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাব্য প্রীতি ম্যাচগুলোর ভবিষ্যৎও ঝুলে গেছে।
একই সময়ে এশিয়ার বিভিন্ন দেশে ক্রীড়া আয়োজন স্থগিত হচ্ছে; আঞ্চলিক পর্যায়ের ক্লাব প্রতিযোগিতাও পিছিয়ে দেওয়া হয়েছে।
রাজনৈতিক অস্থিরতার ছায়া তাই স্পষ্টভাবে নেমে এসেছে ফুটবলের সবুজ মাঠে।
এখন ফুটবলপ্রেমীদের একটাই প্রশ্ন,মেসি বনাম ইয়ামালের প্রতীক্ষিত লড়াই কি নির্ধারিত সময়েই হবে, নাকি চলমান লড়াইয়ের কারণে নতুন সূচির অপেক্ষায় থাকতে হবে?




