স্প্যানিশ ফুটবলের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল, সাম্প্রতিক এক ম্যাচের পর মাঠের বাইরের একটি বিতর্কে সরব হয়েছেন। ম্যাচ চলাকালে কিছু দর্শকের পক্ষ থেকে মুসলিমদের উদ্দেশ্যে অবমাননাকর স্লোগান শোনা যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা ফুটবলার।
নিজের বক্তব্যের শুরুতেই ইয়ামাল স্পষ্ট করে বলেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ।” এরপর তিনি স্টেডিয়ামে শোনা সেই স্লোগানের প্রসঙ্গ টেনে বলেন, “গতকাল স্টেডিয়ামে ‘যে বাঁশি দেয় না সে মুসলিম’ এমন একটি স্লোগান শোনা গেছে। আমি জানি, এটি প্রতিপক্ষ দলকে লক্ষ্য করেই বলা হয়েছিল, আমার বিরুদ্ধে নয়। কিন্তু একজন মুসলিম হিসেবে এটিকে আমি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।”
তরুণ এই উইঙ্গার আরও বলেন, তিনি জানেন সব সমর্থক এমন মানসিকতার নন। তবুও যারা ধর্মকে বিদ্রূপ করে এমন আচরণ করেন, তাদের উদ্দেশ্যে তিনি কঠোর বার্তা দিয়েছেন। ইয়ামালের ভাষায়, “যারা এসব স্লোগান দেয়, তারা বুঝতে পারে না যে ধর্মকে নিয়ে মজা করা আপনাকে অজ্ঞ এবং বর্ণবাদী হিসেবে তুলে ধরে।”

ফুটবলের সৌন্দর্য এবং এর আসল উদ্দেশ্য নিয়েও কথা বলেন তিনি। ইয়ামাল মনে করেন, খেলাধুলা মানুষকে একত্রিত করার মাধ্যম, বিভেদ সৃষ্টির নয়।লামিন বলে, “ফুটবল আনন্দ নেওয়ার জন্য, দলকে সমর্থন করার জন্য,মানুষকে তার পরিচয় বা বিশ্বাসের জন্য অসম্মান করার জন্য নয়,”
শেষে ইতিবাচক দিকটিও তুলে ধরেছেন এই তরুণ তারকা। যারা মাঠে এসে দলকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইয়ামাল বলেন, “যারা আমাদের সমর্থন দিতে এসেছিলেন, তাদের ধন্যবাদ। বিশ্বকাপে আবার দেখা হবে।”
ইয়ামালের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, অল্প বয়সেই তিনি শুধু মাঠে নয়, মানবিক মূল্যবোধের দিক থেকেও পরিপক্বতার পরিচয় দিচ্ছেন।একই সাথে ইসলাম ধর্মের প্রতি তার ভালবাসা ও সম্মান স্পষ্ট ভাবেই প্রকাশ পেয়েছে।




