ব্রাজিলের খবর প্রবিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দল তাদের চূড়ান্ত স্কোয়াড প্রায় গুছিয়ে ফেলেছে,এমনটাই জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা প্রীতি ম্যাচের যে দলটি ডাকা হয়েছিল, আসন্ন বিশ্বকাপের জন্য সেই স্কোয়াডের সঙ্গেই প্রায় মিল থাকবে।
২০২৫ সালে দলের দায়িত্ব নেওয়া ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই তার পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছেন।
তার মতে, মূল স্কোয়াড এখন প্রায় নির্ধারিত এবং নতুন করে পরীক্ষা-নিরীক্ষার আর সময় নেই। অভিজ্ঞতা, ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স,এই তিন বিষয়কেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তবে সবচেয়ে বড় চমক এসেছে স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেওয়ার সম্ভাবনার খবরে। ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড, যিনি বর্তমানে সান্তোস ক্লাবের হয়ে খেলছেন, দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন।
একের পর এক চোট তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে, যার ফলে তার ফিটনেস নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র বলছে, আনচেলত্তির দৃষ্টিতে নামের চেয়ে ফিটনেস এবং খেলার তীব্রতাই বেশি গুরুত্বপূর্ণ। তার কৌশলগত পরিকল্পনায় এমন খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে, যারা পুরো ম্যাচ জুড়ে উচুমানের পারফরম্যান্স ধরে রাখতে পারবেন। সেই জায়গায় নেইমারের বর্তমান শারীরিক অবস্থা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য বিষয়টি বেশ আবেগঘন। দীর্ঘদিন ধরে দলের অন্যতম ভরসা হিসেবে থাকা নেইমার যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পান, তবে সেটি হবে একটি যুগের অবসানের ইঙ্গিত।
সব মিলিয়ে, আনচেলত্তির অধীনে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ব্রাজিল দল, যেখানে অতীতের তারকাদের বদলে ফিট ও প্রস্তুত খেলোয়াড়দের নিয়েই গড়া হবে ভবিষ্যতের স্বপ্নের স্কোয়াড।আর এমনটি হলে ইতোমধ্যেই ব্রাজিলের জার্সিতে শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।




