আসন্ন বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের চমক তৈরি হয়েছে ব্রাজিল জাতীয় দল নিয়ে। ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী সোমবার কোচ কার্লো আনচেলত্তি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেবেন, যেখানে নেইমারের নামও থাকবে বলে জানা গেছে।
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে পরবর্তী সপ্তাহে। তবে প্রাথমিক দলে নেইমারের অন্তর্ভুক্তি তাকে নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি করেছে ফুটবল বিশ্বে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। সেই ম্যাচে চোটে পড়ে তিনি মাঠ ছাড়েন এবং এরপর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে।
চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও নেইমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৬ মৌসুমে তিনি ক্লাব সান্তোসের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন।
তবে ধারাবাহিকতা এবং পুরো ম্যাচ ফিটনেস এখনো পুরোপুরি ফিরে পাননি বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপ দলে রাখা হবে। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তাই নেইমারের ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়, যদিও প্রাথমিক দলে তার উপস্থিতি আশার আলো দেখাচ্ছে।
এদিকে প্রাথমিক তালিকায় আরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নাম রয়েছে। চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তুেভাও ইনজুরি কাটিয়ে ফিরছেন বলে তালিকায় আছেন।
তবে ডিফেন্ডার এদার মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো চূড়ান্ত দলে জায়গা পাবেনা না বলেই জানা গেছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, নেইমার যদি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন, তবে তিনি ব্রাজিলের আক্রমণভাগে বড় ভূমিকা রাখতে পারেন। তবে তার ফিটনেস এবং শৃঙ্খলা এখনই সবচেয়ে বড় প্রশ্ন।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে নেইমারকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। তাকে নিয়েই কি শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে নামবে, নাকি শেষ মুহূর্তে পরিবর্তন আসবে,সেই অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব।




