আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টটির অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার, যা ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এই গানের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
এর আগে ফিফা বিশ্বকাপ ২০১০-এ তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা -দিস টাইম ফর আফ্রিকা’ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখনো তা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা থিম সং হিসেবে বিবেচিত হয়।
সেই ধারাবাহিকতায় এবারের গান নিয়েও ভক্তদের প্রত্যাশা বেশ উঁচুতে।
‘দাই দাই’ গানের মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম-এ। টিজারে দেখা যায়, বিভিন্ন দেশের পতাকার আদলে তৈরি পোশাক পরে নৃত্যশিল্পীদের সঙ্গে পারফর্ম করছেন শাকিরা।
নিজ দেশ কলম্বিয়ার রঙে তৈরি পোশাকও তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এই থিম সং-এ শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়।
টিজার প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং লক্ষাধিক দর্শকের প্রতিক্রিয়া পেয়েছে।
অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও এসেছে বাংলাদেশের জন্য গর্বের খবর। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক এই মঞ্চে তার অংশগ্রহণ বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানের মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি এই তারকা।
মাতাবেন লস অ্যাঞ্জেলসের সো-ফাই স্টেডিয়াম। ফিফার পাশাপাশি বিষয়টি সঞ্জয় নিজেও নিশ্চিত করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।
এছাড়াও ফিউচার নামে পরিচিত মার্কিন র্যাপার নেইভাদিয়াস উইলবার্ন থাকছেন জমকালো আয়োজনে।




