মেক্সিকোতে অনুষ্ঠিত ‘স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ ২০২৬’-এ আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ব্রাজিল।
ফাইনালে ভারতকে হারিয়ে ছেলেদের বিভাগে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় সাম্বার দেশের তরুণরা।
অন্যদিকে মেয়েদের বিভাগে স্বাগতিক মেক্সিকো কেনিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিশ্বকাপ মানেই যেন ব্রাজিলের রাজত্ব,এই কথাটিই আরও একবার সত্যি হলো মেক্সিকোর মাটিতে। শুধু মূল শিরোপাই নয়, মেয়েদের শিল্ড বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
আর ছেলেদের শিল্ড বিভাগে শিরোপা গেছে ইন্দোনেশিয়ার হাতে।
ব্রাজিল দলের অধিনায়ক জোয়াও জেভি শিরোপা জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন,
“এটি আমাদের দীর্ঘ যাত্রার সফল সমাপ্তি। গত দুই বছর আমরা কঠোর অনুশীলন করেছি। ব্রাজিলের প্রতিনিধিত্ব করে দেশের বাইরে খেলতে পারা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
এবারের আসরে অংশ নেয় বিশ্বের ২০টিরও বেশি দেশের ২৮টি দল। ৬ মে শুরু হওয়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটির বাইরে টেক্সকোকোতে।
মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, ফুটবল আর সংগীতের এক দারুণ মেলবন্ধন। শিরোপা নিশ্চিত করার পর ব্রাজিলের খেলোয়াড়রা বাসে নেচে-গেয়ে উদযাপন করেন ঐতিহাসিক জয়। অন্যদিকে ঘরের মাঠে ট্রফি উঁচিয়ে উল্লাসে মাতে মেক্সিকোর মেয়েরা।
টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ যোগ করে আইরিশ রক ব্যান্ড ইউটু। ব্যান্ডটির ড্রামার ল্যারি মুলেন জুনিয়র ছেলেদের শিল্ড ফাইনালের আগে কয়েন টস করেন। এছাড়া বোনো, দ্য এজ এবং অ্যাডাম ক্লাইটন মাঠের পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন।
স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের প্রধান নির্বাহী জন রো জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু ফুটবল নয়; বরং পরিচয়, শিক্ষা, সহিংসতা থেকে সুরক্ষা এবং লিঙ্গসমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কণ্ঠ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া।
মাঠের বাইরেও খেলোয়াড়রা অংশ নেয় বিভিন্ন কর্মশালায়, যেখানে পথশিশু ও ঝুঁকিপূর্ণ তরুণদের সমস্যা নিয়ে আলোচনা হয়। সব মিলিয়ে ফুটবল, আনন্দ আর মানবিক বার্তায় ভরপুর এক স্মরণীয় আসরের সমাপ্তি ঘটেছে মেক্সিকোতে।




