মরুর দেশ কাতারে বিশ্বজয়ের স্মৃতি এখনো টাটকা আর্জেন্টিনা সমর্থকদের হৃদয়ে। সেই উন্মাদনা নিয়েই এবার ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অভিযানে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই যাত্রাকে আরও বিশেষ করে তুলতে আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস তৈরি করেছে জাতীয় দলের জন্য এক বিশেষ এয়ারবাস।
নীল-সাদা রঙে সাজানো বিমানটি যেন পুরো আর্জেন্টিনার আবেগ বহন করছে। বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কর্মীরা দিনরাত পরিশ্রম করে বিমানের র্যাপিং, ইঞ্জিন, লেজ ও অন্যান্য অংশে ফুটিয়ে তুলেছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের গৌরব।
বিমানটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর লেজে থাকা বিখ্যাত ‘১০’ নম্বর। দিয়াগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি, আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের সবচেয়ে আবেগঘন প্রতীক এই নম্বর। পাশাপাশি বিমানের ইঞ্জিনে রাখা হয়েছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক ‘সি’ এবং তিনটি সোনালি তারা, যা তাদের তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক।
অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হ্যাঙ্গার শিফট ম্যানেজার পাবলো দা গ্রাভা জানান, এই বিমানের মূল লক্ষ্যই হচ্ছে জাতীয় দলকে চতুর্থ বিশ্বকাপ জয়ের পথে সঙ্গ দেওয়া। তিনি বলেন, নিজেদের দেশের মানুষ ও নিজেদের সংস্থার কর্মীদের হাতেই তৈরি হয়েছে পুরো বিমানটি, যা তাদের জন্য গর্বের বিষয়।
আর্জেন্টাইনদের কুসংস্কার আর সৌভাগ্যে বিশ্বাসের বিষয়টিও এখানে জড়িয়ে আছে। কাতার বিশ্বকাপ জয়ের সময়ও দলটি একই ধরনের একটি এয়ারবাস ব্যবহার করেছিল। তাই এবারও সেই সৌভাগ্য ফিরিয়ে আনতে পরিচিত আবহেই যাত্রা করতে চাইছেন স্কালোনির শিষ্যরা।
প্রসঙ্গত, এখনো বিশ্বকাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি আর্জেন্টিনা, কথা রয়েছে ২৮ তারিখই জানা যেতে পারে লাকি ২৬ এর নাম।




