বিশ্বকাপের ঠিক আগে একের পর এক চোটের ধাক্কায় বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল।
লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজের পর এবার ইনজুরির তালিকায় যোগ হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনার নাম। ফলে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি এবং পুরো টিম ম্যানেজমেন্টের উদ্বেগ আরও বেড়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’র তথ্য অনুযায়ী, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন ৩৪ বছর বয়সী আকুনা।
তবে ম্যাচ চলাকালীন হঠাৎ ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত তাকে মাঠ থেকে তুলে নেয় কোচিং স্টাফ। একই হ্যামস্ট্রিংয়ে আগেও একাধিকবার সমস্যায় পড়েছিলেন আকুনা। তাই নতুন করে পাওয়া এই চোট আর্জেন্টিনা শিবিরে বাড়তি আতঙ্ক তৈরি করেছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তার ইনজুরির মাত্রা জানানো হয়নি, তবে বিশ্বকাপের এত কাছে এসে এমন চোট নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ, দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারও বর্তমানে পুরোপুরি ফিট নন। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আঙুলের চোটে ভুগছেন।
অন্যদিকে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ইঞ্জুরীর কারণে সম্প্রতি ম্যাচের মাঝপথে মাঠ ছেড়েছেন। এছাড়া ক্রিস্তিয়ান রোমেরো ও গঞ্জালো মন্তিয়েলের ফিটনেস পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে টিম ম্যানেজমেন্ট।
ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১ জুনের মধ্যেই ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে ধারণা করা হচ্ছে, স্কালোনি আরও আগেই দল ঘোষণা করবেন। বিভিন্ন সূত্র বলছে, আগামী ২৮ অথবা ২৯ মে চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করতে পারে আর্জেন্টিনা।
এদিকে বুয়েনস এইরেসের এজেইজায় অবস্থিত লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে শুরু হতে যাচ্ছে বিশেষ প্রস্তুতি ক্যাম্প।
ইনজুরি ঝুঁকি মাথায় রেখে স্কালোনি এবার ২৬ জনের বেশি খেলোয়াড়কে নিয়ে অনুশীলন করাতে চান, যাতে শেষ মুহূর্তে কেউ ছিটকে গেলে দ্রুত বিকল্প নাম অন্তর্ভুক্ত করা যায়।




