বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।এতো বড় তারকা হয়েও আবারও প্রমাণ করলেন, জনপ্রিয়তার শিখরে থেকেও কতটা সাধারণ ও মানবিক থাকা যায়।
মাঠের জাদুতে কোটি ভক্তকে মুগ্ধ করা এই আর্জেন্টাইন এবার আলোচনায় এলেন এক ছোট্ট অথচ হৃদয়ছোঁয়া ঘটনায়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজের গাড়ির ভেতরে বসে ছিলেন মেসি।
ঠিক সেই সময় এক কিশোর ভক্ত বিশ্বকাপের একটি কার্ডে অটোগ্রাফ নেওয়ার আশায় এগিয়ে আসে। মুহূর্তটি ছিল খুবই সাধারণ, কিন্তু এরপর ঘটে এমন কিছু যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
ভক্তটি মেসির হাতে একটি মার্কার দিলেও সেটি কাজ করছিল না। কয়েক সেকেন্ডের জন্য পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে।
ছোট্ট ভক্তটি সুযোগ হারানোর ভয়ে যখন অসহায় হয়ে পরে, তখন মেসি একটুও বিরক্ত না হয়ে নিজের পকেট থেকে কলম বের করেন এবং সেটি দিয়েই কার্ডে অটোগ্রাফ দেন।
অটোগ্রাফ দিয়ে নিজের কলমও ঐ ভক্তকে দিয়ে দিচ্ছিলেন মেসি,কিন্তু ভক্ত বলেন “এটিতো তোমারই কলম মেসি”। অর্থাৎ নিজের কলমের ব্যাপারটি ভুলেও যান মেসি।
ঘটনার পুরো সময় মেসির পাশে ছিলেন তার ছেলে থিয়াগো, যাকে দেখা যায় মায়ামির জার্সি পরা অবস্থায়। বাবার এই সহজ-সরল আচরণ দেখে ভক্তরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন মেসি। অনেকেই বলছেন, “এমন মেসিকে দেখলেই বোঝা যায়, তিনি সত্যিই প্রমান করছেন মানুষ মাটির তৈরি।”
২৪ মে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এমন এক সময় সামনে এলো, যখন মেসিকে ঘিরে আলোচনা ছিল তুঙ্গে।
সম্প্রতি ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচের পর তার চোট নিয়ে শঙ্কা তৈরি হলেও পরে জানা যায়, এটি গুরুতর কিছু নয়; সামান্য পেশির অতিরিক্ত চাপ ছিল মাত্র।
মাঠে ট্রফি, গোল আর রেকর্ডে ভরা ক্যারিয়ারের বাইরেও মেসি বারবার দেখিয়ে দেন, একজন বড় খেলোয়াড় হওয়ার আগে তিনি একজন বড় মনের মানুষ।
আর সেই কারণেই হয়তো বিশ্বের কোটি কোটি মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে আছেন এই আর্জেন্টাইন মহাতারকা।




