ফুটবল বিশ্বে ট্রান্সফার গুঞ্জনের মৌসুম শুরু হলেই কিছু নাম আলোচনার কেন্দ্রে চলে আসে। ২০২৬ সালের গ্রীষ্মকালীন দলবদল বাজারে এমনই দুটি নাম হল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এঞ্জো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজ।
সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এঞ্জো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে হুলিয়ান আলভারেজকে নিয়ে বড় পরিকল্পনা করছে স্পেনের আরেক বড় ক্লাব বার্সেলোনা।
যদি এই দুই ট্রান্সফার বাস্তবে রূপ নেয়, তাহলে আগামী মৌসুমের এল ক্লাসিকোতে নতুন এক আর্জেন্টাইন দ্বৈরথ দেখার সুযোগ পাবে ফুটবল বিশ্ব।
এঞ্জোকে নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে অহরহ। টিম টক, গোল, ম্যানেজিং মাদ্রিদ, ডায়েরি এএস সহ নানা গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে এ নিয়ে।
অনেকে বলছেন এঞ্জোকে পেতে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চায় চেলসি। আবার অনেকের মতে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দের সাথে হতে পারে এঞ্জোর বিনিময়।
এমনকি চেলসির হয়ে ছুটি পেলেই এঞ্জোর নিয়মিত মাদ্রিদে আসা নিয়েও হচ্ছে আলোচনা। সব কিছু মিলিয়ে বর্তমানে বেশ শক্ত এঞ্জোর মাদ্রিদে আসার গুঞ্জন। যদিও এঞ্জো নিজে কয়েক মাস আগে সরাসরি কোনো আলোচনা হওয়ার কথা অস্বীকার করেছিলেন, তবুও গুঞ্জন থামছে না। কেননা পরিস্থিতি তার ট্রান্সফার মাদ্রিদের দিকেই উল্লেখ করছে।
অন্যদিকে বার্সেলোনার নজর এখন হুলিয়ান আলভারেজের দিকে। আর সেখানে কমছেইনা নাটকীয়তা।
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, বার্সা ইতোমধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বড় অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে। যদিও অ্যাটলেটিকো প্রকাশ্যে এসব খবর অস্বীকার করেছে এবং ক্লাব সভাপতি জানিয়েছেন আলভারেজ তাদের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
তবুও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে এই গুঞ্জন দিন দিন আরও জোরালো হচ্ছে। কেননা শোনা যাচ্ছে আলভারেজ প্রকাশ্যেই বার্সা যাওয়ার ইচ্ছার কথা বলেছেন। আবার কোচ সিমিওনেকেও ইনষ্টাগ্রামে আনফলো করেছেন এই তারকা। সবকিছু মিলিয়ে এথলেটিকো আটকাতে চাইলেও হুলিয়ানের বার্সা যাওয়ার সম্ভাবনাই অধিক সামগ্রিক প্রেক্ষাপটে। যে কারণেই এবার আলোচনায় এই দুই আর্জেন্টাইন এর লড়াই।
আরেকটি বিষয় এই সম্ভাব্য দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলছে। দুজনই আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ। বিশ্বকাপ জয়ের পথে তারা একসঙ্গে লড়েছেন, একে অপরের সাফল্যের অংশীদার হয়েছেন। কিন্তু ক্লাব ফুটবলে যদি একজন সান্তিয়াগো বার্নাব্যুতে আর অন্যজন ক্যাম্প ন্যুতে খেলেন, তাহলে বন্ধুত্বের জায়গা ছেড়ে জায়গা নেবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
তবে বাস্তবতা হলো, এখনো কোনো ট্রান্সফারই চূড়ান্ত হয়নি। এঞ্জোকে ধরে রাখতে চেলসি চেষ্টা করছে, আর আলভারেজকে ছাড়তে রাজি নয় অ্যাটলেটিকো মাদ্রিদ।
তারপরও ফুটবলপ্রেমীরা স্বপ্ন দেখতেই পারেন। যদি দলবদলের এই দুই বড় গুঞ্জন সত্যি হয়, তাহলে আগামী এল ক্লাসিকো শুধু রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা হবে না, সেটি হয়ে উঠতে পারে আর্জেন্টিনার দুই বিশ্বকাপজয়ী তারকা এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের ব্যক্তিগত লড়াইয়েরও মঞ্চ। আর সেই দ্বৈরথ নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে।




