২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বের সেরা দলগুলো যখন শিরোপার লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে নিজের মূল্যায়ন দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের নেতা হলেও মেসির মতে, এবারের বিশ্বকাপে অন্যতম প্রধান ফেভারিট ব্রাজিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, ব্রাজিল কখনোই বিশ্বকাপের হিসাব-নিকাশের বাইরে থাকে না। সাম্প্রতিক সময়ে দলটি প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে না পারলেও তাদের স্কোয়াডের মান এবং খেলোয়াড়দের সামর্থ্য যেকোনো বড় টুর্নামেন্ট জয়ের জন্য যথেষ্ট। তার মতে, প্রতিভা ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া ব্রাজিল সবসময়ই শিরোপার জন্য শক্তিশালী দাবিদার।
মেসি মনে করেন, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের গভীর স্কোয়াড। একাধিক পজিশনে বিশ্বমানের ফুটবলার থাকায় দলটি যেকোনো পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। এছাড়া নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা আরও পরিণত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে বলেও বিশ্বাস আর্জেন্টাইন মহাতারকার।
তবে শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপের শিরোপা দৌড়ে আরও কয়েকটি দলকে এগিয়ে রাখছেন মেসি। তার মতে, ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে এবং প্রস্তুতির দিক থেকেও অনেকটাই এগিয়ে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই দলগুলোকে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দেখছেন তিনি।
অন্যদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কঠিন চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন মেসি। তিনি জানান, আর্জেন্টিনা দলে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোট ও ফিটনেস সমস্যায় ভুগছেন। তবুও দলের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার মানসিকতা নিয়ে আশাবাদী তিনি।
মেসির বিশ্বাস, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরগুলোর একটি। এখানে কোনো দলকেই নিশ্চিত ফেভারিট বলা কঠিন, কারণ বিশ্বকাপ সবসময়ই চমক ও অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয়।
তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়কের মন্তব্যে একটি বিষয় স্পষ্ট,শিরোপা ধরে রাখার মিশনে নামলেও তিনি ব্রাজিলকেই দেখছেন সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষ এবং বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবে।




