ককুরিয়া থেকে দিওমান্দে,একের পর এক বড় বড় খেলোয়াড় সাইন করিয়ে আসরের শুরুতে সর্বোচ্চ খরচ করেছে মাদ্রিদ,বিক্রি করেও লাভ করেছে টাকা ফলে খরচ আরো বাড়াতেই চাচ্ছিলেন,তাই দীর্ঘদিন যাবৎ রদ্রি-মাদ্রিদ একে অপরের জন্য ছিলো মরিয়া।
কিন্তু পরে দৃশ্যপট বদলে যায়।
বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দলে ভেড়ানোর দৌড়ে শেষ হাসি হাসল বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদের আগ্রহকে পেছনে ফেলে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে নেওয়ার পথে বড় অগ্রগতি করেছে কাতালান ক্লাবটি। সিটির সঙ্গে টানা ১০ দিনের আলোচনার পর চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে দুই ক্লাব।
এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
রদ্রিকে দলে পেতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করছে বার্সেলোনা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা।
রোববার বার্সেলোনার পরিচালক ডেকো ও ম্যানচেস্টার সিটির ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান।
প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর ও রদ্রির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা আসবে।
তবে রদ্রিকে দলে পাওয়ার পথটা মোটেও সহজ ছিল না। প্রায় ১০ দিন আগে রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সেলোনার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন স্পেনের অধিনায়ক।
খেলোয়াড়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এরপর বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসে ম্যানচেস্টার সিটি।
যদিও ইংলিশ ক্লাবটির প্রাথমিক পরিকল্পনা ছিল রদ্রির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো।
রদ্রিকে পেতে সিটিকে মোট পাঁচবার প্রস্তাব দেয় বার্সেলোনা। এর মধ্যে চারটি ছিল আনুষ্ঠানিক এবং একটি মৌখিক প্রস্তাব। শুরুতে ৪৫ মিলিয়ন ইউরোর সঙ্গে বাড়তি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বার্সা। বিপরীতে সিটি চেয়েছিল ৯০ মিলিয়ন ইউরো।
এরপর কয়েক দফায় দর-কষাকষি চলে। বার্সেলোনা ধাপে ধাপে প্রস্তাব বাড়াতে থাকে, আর সিটিও তাদের দাবি কমিয়ে আনে।
শুক্রবার রাতে বার্সা ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলে ব্যবধান নেমে আসে মাত্র ১০ মিলিয়ন ইউরোতে। শেষ পর্যন্ত রোববার সেই ব্যবধানও ঘুচে যায়।
সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকলেও তাকে বিনা মূল্যে ছাড়তে রাজি ছিল না ইংলিশ ক্লাবটি।
জাতীয় দল ও ক্লাব-দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের জন্য শেষ পর্যন্ত ন্যায্য মূল্যই নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আর তাতেই মাদ্রিদের নাকের ডগা থেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা।




