ব্রাজিল ফুটবলে সেভেন আপ বেশ পরিচিত এক শব্দ। বিশেষ করে জার্মানির সাথে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে সাত গোল হজমের পর এটাই যেন কলঙ্কের দাগ দিয়েছে সেলেসাওদের।
আবারো সেই সেভেন আপের সম্মুখীন হলো ব্রাজিল দল। তবে এবার ভুক্তভোগী নয়, বরং সেভেন আপ দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো ব্রাজিল। আর সেখানে ভুক্তভুগী হলো লাতিনের দল উড়ুগুয়ে।
উড়ুগুয়ের অনুর্দ্ধ ১৫ দলের বিপক্ষে ব্রাজিল অনুর্দ্ধ ১৫ দলের ম্যাচে ঘটে এমন ঘটনা।
২২ আগস্ট শনিবার তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তরুণ সেলেসাওরা। সেপ্টেম্বরে প্যারাগুয়েতে অনুষ্ঠেয় ‘লিগা এভোলুসাও’ টুর্নামেন্টের আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ।
ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন ব্রেনের, কেলউইন, লুকাস জর্জ, আইজ্যাক, সামুয়েল এবং গ্যাব্রিয়েল বুয়েনো দুটি।
এর আগে বুধবার একই ভেন্যুতে উরুগুয়ের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। অর্থাৎ দুই ম্যাচে উরুগুয়ের জালে মোট ১১ গোল করেছে তারা, বিপরীতে কোনো গোল হজম করেনি।
ম্যাচের শুরু থেকেই অবশ্য ব্রাজিলের দাপট ছিল স্পষ্ট। ৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। দিয়েগো বেন্তোর বাড়ানো বল থেকে হেড করে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রেনের।
এরপরও আক্রমণের গতি কমেনি। উরুগুয়ের রক্ষণভাগে তিনজন খেলোয়াড়ের চাপের মধ্যেও কাওয়াঁ লুকাস দারুণ এক ব্যাকহিল পাস বাড়ান কেলউইনের দিকে।
বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে ২০ মিনিটে অসাধারণভাবে ব্যবধান দ্বিগুণ করেন কেলউইন। ২ গোলের লিড নিয়েই সেলেসাও দল যায় বিরতিতে।
তবে দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ংকর হয়ে ওঠে ব্রাজিল। চার মিনিটের মধ্যেই নিজের দক্ষতার ঝলক দেখিয়ে একক প্রচেষ্টায় তৃতীয় গোল করেন গ্যাব্রিয়েল বুয়েনো।
১২ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে উরুগুয়ের জালে চতুর্থ গোলটি পাঠান লুকাস জর্জ। দুই মিনিট পর আবারও গোলের উৎসব। গ্যাব্রিয়েলের পাস ধরে উরুগুয়ের রক্ষণ ভেঙে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল বুয়েনো।
এরপর ১৭ মিনিটে আসে ষষ্ঠ গোল। গ্যাব্রিয়েল বুয়েনোর শট উরুগুয়ের গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে পা লাগিয়ে গোল করেন আইজ্যাক।
শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ দল। দুই ম্যাচে ১১ গোল করে এবং একটিও গোল হজম না করে লিগা এভোলুসাওয়ের প্রস্তুতি শেষ করল তারা।
এখন মঙ্গলবারের চূড়ান্ত দল ঘোষণার অপেক্ষা। এরপর সেপ্টেম্বরে প্যারাগুয়েতে নিজেদের সামর্থ্য প্রমাণের মিশনে নামবে তরুণ সেলেসাওরা।
তবে এর মাঝে এক ম্যাচে ৭ গোল করে যেন বড়দের কলঙ্ক লোপনের কিছুটা চেষ্টা করলো ব্রাজিলের জুনিয়ার ফুটবলাররা।




