ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল।
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা সেই বিতর্কিত গোলের সঙ্গে জড়িয়ে থাকা বলটি আবারও উঠেছে নিলামে। শেষ পর্যন্ত ঐতিহাসিক সেই বল বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে অনুষ্ঠিত নিলামে বলটি বিক্রি হলেও প্রত্যাশিত দামে পৌঁছাতে পারেনি।
নিলামের আগে ধারণা করা হয়েছিল, বলটির দাম সর্বোচ্চ ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত তার অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হয়।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই বল দিয়েই ইতিহাস সৃষ্টি করেছিলেন ম্যারাডোনা।
তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের ছিলেন সেই ম্যাচের দায়িত্বে। ম্যাচ শেষে তিনি ব্যবহৃত অ্যাডিডাসের বলটি নিজের কাছে রেখে দেন এবং তিন দশকেরও বেশি সময় সংরক্ষণ করেন।
২০২৩ সালে বিন নাসের লিখিতভাবে নিশ্চিত করেন, ওই ম্যাচে ব্যবহৃত একমাত্র বল এটিই ছিল।
পরবর্তী সময়ে স্বাধীনভাবে করা যাচাইয়েও বলটির সত্যতা নিশ্চিত করা হয়। এর আগে ২০২২ সালে একই বলটি বিন নাসের ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি করেছিলেন।
বাংলাদেশি মুদ্রায় তখন এর মূল্য ছিল প্রায় ২৯ কোটি টাকা। পরে নতুন মালিক ২০২৩ সালে আবার নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেটি বিক্রি হয়নি।
১৯৮৬ সালের সেই ম্যাচে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। গোলটি নিয়ে প্রশ্ন উঠলেও পরে তাঁর বিখ্যাত মন্তব্য থেকেই জন্ম নেয় ‘হ্যান্ড অব গড’ নামটি।
তবে সেই ম্যাচেই ম্যারাডোনা করেন আরও একটি অবিশ্বাস্য গোল। মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের পাঁচ ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন তিনি। গোলটি পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিতি পায়।
সেই ম্যাচে ২-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপও জিতে নেয়।
ম্যারাডোনার মৃত্যুর পরও তাঁর স্মারকের মূল্য কমেনি। ২০২২ সালে ১৯৮৬ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের জার্সিও নিলামে বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ কোটি টাকা।
এবার ‘হ্যান্ড অব গড’-এর বলও যোগ হলো সেই অমূল্য স্মারকের তালিকায়।




