জাতীয় দলের জার্সিতে বিদায়ের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার সমর্থকদের আশা এখনো শেষ হয়ে যায়নি।
বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে দেশের মাটিতে, ১০ নম্বর জার্সিতে আরেকবার দেখার অপেক্ষায় তারা। সেই অপেক্ষার অবসান হতে পারে আগামী সোমবার।
এদিন সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার ম্যাচগুলোর ঘোষণা দেওয়ার কথা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।
মেসির বিদায়ী চিঠির মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে তার দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের শেষের ইঙ্গিত মিলেছে।
কিন্তু তার শেষ ম্যাচটি কোথায় এবং কবে হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষ করে দেশের দর্শকদের সামনে শেষবারের মতো মেসিকে দেখার সুযোগ তৈরি হবে কি না, তা নিয়ে চলছে নানা আলোচনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে ঘিরে কোনো আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় দলে আবারও মাঠে নামবেন কি না, সেই সিদ্ধান্ত মূলত মেসির নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে। ফলে সোমবার এএফএ সূচি প্রকাশ করলেও সেখানে মেসির নাম থাকবেই এমন, নিশ্চয়তা নেই।
তবে সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনার দেশের মাটিতে ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। সেটিই মেসিকে ঘিরে সম্ভাব্য বিদায়ী ম্যাচ আয়োজনের সবচেয়ে বড় সুযোগ তৈরি করছে। বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে ১০ নম্বর জার্সিতে নিজের দেশের দর্শকদের সামনে শেষবার মাঠে দেখতে চান সমর্থকেরা।
তবে এই পরিকল্পনায় বড় বাধা হয়ে আছে ফিফার নিষেধাজ্ঞা। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কয়েকটি ঘটনার কারণে আর্জেন্টিনা শাস্তির মুখে পড়েছে। পরবর্তী দুটি ঘরের ম্যাচের একটিতে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন, অন্যটি স্থগিত রয়েছে।
নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে খেলোয়াড়দের ওপরও। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ, রবার্তো আয়ালা ৩ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ১ ম্যাচের জন্য নিষিদ্ধ।
সবকিছু মিলিয়ে মেসির বিদায়ী ম্যাচ আয়োজন করতে হলে এএফএকে বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। বিশেষ করে ম্যাচটির আন্তর্জাতিক মর্যাদা, ফিফার নিষেধাজ্ঞা এবং দর্শক উপস্থিতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নিশ্চিতভাবে বলা যায়, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা মাঠে নামবে। তবে এবার চীন সফরে যাচ্ছে না বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের পর চীন সফরের সম্ভাবনাও বাতিল হয়েছে।
এখন তাই সবার চোখ আগামী সোমবারের ঘোষণায়। সেখানে কি থাকবে মেসির নাম? নাকি দেশের মাটিতে ১০ নম্বর জার্সিতে শেষবারের মতো প্রিয় অধিনায়ককে দেখার অপেক্ষা আরও দীর্ঘ হবে,উত্তর মিলবে এএফএর সূচি প্রকাশের পরই।




