২০২৪ সালের ব্যালন ডি’অর ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সময় পেরিয়েও তা যেন থামার নাম নেই। সেবার শেষ হাসি হেসেছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
অথচ পুরস্কার ঘোষণার আগে দীর্ঘ সময় ধরে অন্যতম ফেবারিট ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।
রাফার দাবি, প্যারিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগেই ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল, ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে তার হাতেই।
এতটাই নিশ্চিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা যে, পুরস্কারটি রাখার জন্য নিজের বাড়ির শোকেসেও জায়গা নির্দিষ্ট করে রেখেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাফা জানান, এই তথ্য তিনি জেনেছিলেন ভিনিসিয়ুস ও জেনি হারমোসোর কাছ থেকেই।
শুধু ট্রফি জয়ের খবরই নয়, অনুষ্ঠানের মঞ্চে দুজনের জন্য একটি বিশেষ পরিকল্পনাও ছিল বলে দাবি করেছেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, জেনি হারমোসো ভিনিসিয়ুসের হাতে তুলে দিতেন ব্যালন ডি’অর। বিপরীতে ভিনিসিয়ুস জেনির হাতে তুলে দিতেন সক্রেটিস ট্রফি। সামাজিক কর্মকাণ্ড ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে জেনিকে দেওয়া হয়েছিল এই পুরস্কার।
কিন্তু পুরস্কার বিতরণীর আগের রাতেই বদলে যায় পুরো চিত্র। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ভিনিসিয়ুস নয়, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি।
এরপর ক্ষুব্ধ হয়ে প্যারিসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ক্লাবটি। ভিনিসিয়ুসসহ রিয়ালের প্রতিনিধিরাও শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি।
এরপর থিয়েটার ডু শাতেলেতে মঞ্চে ওঠেন রদ্রি। স্প্যানিশ তারকার হাতে তুলে দেওয়া হয় ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার। অন্যদিকে পুরস্কার না পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। রিয়ালের বয়কট সেই আলোচনাকে আরও তীব্র করে।
এবার রাফা হারমোসোর দাবি নতুন করে সেই পুরোনো প্রশ্ন সামনে এনেছে। সত্যিই কি শেষ মুহূর্তে বিজয়ীর নাম বদলে গিয়েছিল?
নাকি পুরো বিষয়টি ছিল পুরস্কার ঘোষণার আগের একটি ভুল তথ্য? রাফার বক্তব্য ঘিরে আপাতত সেই বিতর্কই আবার উত্তপ্ত হয়ে উঠেছে।




