অল্পদিনেই জনপ্রিয়তার তুঙ্গে লিওনেল মেসির নামে আয়োজিত মেসি কাপ। আসরের দুই স্টেজেই দেখা যাচ্ছে একের পর এক প্রতিদ্বন্দ্বীমুলক ম্যাচ।
এবার সেখানে ফাইনালের মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে দুই দল। একদিকে আছে ব্রাজিলের ক্লাব পালমেরাস। তাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের। অর্থ্যাৎ দুই দেশের দুই বিখ্যাত ক্লাব এবার খেলবে ফাইনালের লড়াইয়ে।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হচ্ছে মেসি কাপের দ্বিতীয় আসর। অনূর্ধ্ব-১৫ পর্যায়ের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১৬টি ক্লাব।
তরুণ ফুটবলারদের প্রতিভা তুলে ধরার এই মঞ্চে শুরু থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। তবে এবার শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষায় আছে ভক্তরা।
গোল্ড কাপের ফাইনালে উঠতে বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে রিভার প্লেটকে। সেমিফাইনালে স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে আর্জেন্টাইন ক্লাবটি।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে তারা।
অন্যদিকে পালমেইরাসের ফাইনালে ওঠার গল্পটা আরও নাটকীয়। সেমিফাইনালে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে ব্রাজিলিয়ানরা।
তবে এরপরও হাল ছাড়েনি দলটি। দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পালমেইরাস।
শুরুতে মিগেল মেসিয়াসের জোড়া গোলে এগিয়ে যায় পালমেরাস। এরপর পর গ্যাব্রিয়েল বুয়েনোর শেষ মুহূর্তের গোলে নিশ্চিত হয় তাদের ফাইনাল।
ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাবের লড়াইটাই দেখা যাবে গোল্ড কাপের ফাইনাল আসরে। এই গোল্ডা কাপেই এর আগে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে আসে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট।
অপরদিকে বেনফিকার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে পালমেরাস। সময়ের অন্যতম সেরা দুই একাডেমির লড়াইটা যে সহজ হবেনা, তাতে নেই কোন সন্দেহ।
এদিকে সিলভার কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে মেসির শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজ।
তাদের প্রতিপক্ষ স্পেনের ক্লাব ইউই কর্নেয়া। সেমিফাইনালে চেলসির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় নিউয়েলস। অন্যদিকে আর্সেনালকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কর্নেয়া।
অর্থাৎ, মেসি কাপের দুই ফাইনালেই শিরোপা জয়ের সুযোগ থাকছে আর্জেন্টিনার সামনে। গোল্ড কাপে রিভার প্লেটের প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, আর সিলভার কাপে নিউয়েলসের সামনে স্পেনের কর্নেয়া।
এখন দেখার বিষয়, দুই ফাইনাল থেকে আর্জেন্টিনার ক্লাবগুলো কতটি শিরোপা ঘরে তুলতে পারে। বিশেষ করে গোল্ড কাপে পালমেরাস ও রিভার প্লেট অনুর্দ্ধ ১৬ দলের ফাইনালের দিকে বিশেষ চোখই থাকবে দুই দলের সমর্থকদের।




