আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়। ঘরের মাঠে ম্যাচ, প্রতিপক্ষ ১০ ধাপ পিছনে থাকা পাকিস্তান দল।
সেখানে সহজ জয়ের সমীকরণ গুনছিল বাংলাদেশ দল। কিন্ত এমন ম্যাচেই হয় স্বপ্নভঙ্গ। ৮৭ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের গোলে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। শ্রাবণের ভুলের সাথে নিজের সেরাটা দিতে না পারা, যে হার হয়ে আছে আক্ষেপের।
তবে এই আক্ষেপের সাথে এবার যুক্ত হয়েছে বিতর্ক। সেটাও একটি নয়, একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে ম্যাচকে ঘিরে।
যার মধ্যে যেমন আছে তথ্য ফাসের খবর, আবার আছে ড্রেসিংরুমে দ্বন্ধের কথা। আর সেটাই যেন নতুন করে ম্যাচকে নিয়ে সৃষ্টি করেছে চাঞ্চল্য।
এমন সংবাদ প্রকাশ করলো বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম ইত্তেফাক। সেখানেই এক নিউজ পোর্টালে তুলে ধরা হয় এমন অভিযোগ।
সে সংবাদে বলা হয় ম্যাচ শুরুর ১০ ঘন্টা আগেই বাংলাদেশের ম্যাচ সম্পর্কে সব তথ্য পায় পাকিস্তান দল। এমনকি প্রধান কোচ থমাস ডুলির সম্ভাব্য একাদশ, খেলোয়াড় বাছাই এবং ম্যাচের কৌশল সম্পর্কেও বিস্তারিত ধারণা ছিল তাদের।
প্রতিবেদন অনুযায়ী, বসুন্ধরা কিংসের মাঠে বাংলাদেশের অনুশীলন রুদ্ধদ্বার হওয়ার কথা থাকলেও ড্রোন ক্যামেরার মাধ্যমে দলের প্রস্তুতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাকিস্তান।
শুধু তাই নয়, হামজা, সামিত সোম, রাকিব হোসেনসহ ফুটবলারদের ইনডোর বৈঠকে হওয়া আলোচনাও নাকি প্রতিপক্ষের কাছে পৌঁছে যায়।
দলের ভেতর থেকেই কেউ গোপন তথ্য সরবরাহ করেছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে কারা এই তথ্য বাইরে পাঠিয়েছেন, তা নিয়ে এখনো কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।
প্রতিবেদনে জাতীয় দলের ম্যাচ অ্যানালিস্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গ্রুপ পর্বের পর নিজেদের শক্তি বাড়াটে সেমিফাইনালের আগে পাকিস্তান দলে নতুন করে চারজন ফুটবলার যুক্ত হয়েছিলেন।
তাদের শক্তি, দুর্বলতা কিংবা খেলার ধরন নিয়ে বাংলাদেশ দলের পক্ষ থেকে যথাযথ বিশ্লেষণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন করেছে ইত্তেফাক। সেখানেই তাদের দলে কাজ নিয়ে করেছে সমালোচনা।
তবে এর বাইরে ড্রেসিংরুমে গন্ডগোলের মত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় তুলে আনে তারা।৷ ম্যাচের আগে-পরে খেলোয়াড় পরিবর্তন নিয়েও দলের ভেতরে অসন্তোষের খবর পাওয়া গেছে বলেও জানানো হয়।
। ইত্তেফাকের দাবি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কোচের খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও অসন্তুষ্ট ছিলেন দলের কেউ কেউ।
বিশেষ করে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
ম্যাচের আগের দিনও তপুকে নিয়ে পরিকল্পনার কথা বলেছিলেন কোচ থমাস ডুলি। কিন্তু শেষ পর্যন্ত রক্ষণে তাকে নামানো হয়নি।তার পরিবর্তে রহমত মিয়াকে খেলানো হয় সাদ উদ্দিনের বিকল্প হিসেবে ।
এ সিদ্ধান্তে তপু নিজেও ক্ষুব্ধ ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতীয় দলের অধিনায়কের এ নিয়ে ক্ষোভ ও হতাশা তৈরির ব্যাপারটাও উঠে আসে এই সংবাদে।
সব মিলিয়ে এমন কিছু ঘটে থাকলে তা দেশের ফুটবলের জন্য হবে সত্যি লজ্জার। একদিকে সাফ না জেতার গ্লানি, আরেকদিকে এমন বিতর্ক সবকিছুই যেন থাকবে ফুটবল উন্নয়নে বাধা হয়েই।




