২০২৩ বিশ্বকাপের বাংলাদেশ দলে ডাক পাননি তামিম ইকবাল। নাম দিয়েছিলেন আবুধাবি টি-টেন লিগের ড্রাফটে। কিন্তু সেখানেও কোনো দল তাঁকে কেনার আগ্রহ দেখায়নি। তবে দল পেয়েছেন তাসকিন আহমেদ। একই দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
তামিমের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব জায়গাতেই এ বছর লিটনের সময়টা যাচ্ছে দুঃস্বপ্নের মতো। তামিম-লিটন দল না পেলেও ড্রাফট থেকে দল পেয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স।
এর আগেও তাঁর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেনে বাংলাদেশের এই পেসার খেলেছেন। ৭.৮৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর নিয়েছেন ৪২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে এখন পর্যন্ত এ বছর সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
তাসকিনের দল বাংলা টাইগার্সের আইকন হলেন সাকিব আল হাসান। এই দলে আরো আছেন কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, রাসি ফন ডার ডুসেনের মতো তারকা ক্রিকেটাররা।
বাংলা টাইগার্সের দল: সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, ইফতিখার আহমেদ, কার্লোস ব্রাথওয়েট, ড্যানিয়েল স্যামস, আজম খান, রোহান মুস্তাফা, কুশল মেন্ডিস, ডমিনিক ড্রেকস, রিস টপলি, সাইম আইয়ুব, মতিউল্লাহ খান, হায়দার আলি, আব্দুল গাফফার, অমর্ত্য কৌল, রাসি ফন ডার ডুসেন ও রবিন উথাপ্পা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর হবে আবুধাবি টি-টেন লিগের সপ্তম মৌসুম।




