গতকাল থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিটন দাস। তবে মাঠের পারফর্মের কারণে নয়, বরং মাঠের বাইরের কর্মকাণ্ডে। টিম হোটেল থেকে বাংলাদেশী সাংবাদিকদেরকে সিকিউরিটি ডেকে বের করে দিয়েছিলেন লিটন।
তবে এ ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এমনটি জানান তিনি। লিটন বলেন, ‘ গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দু:খিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
কিউইদের বিপক্ষে হারার পর গতকালই চেন্নাই ছেড়ে পুনেতে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে হোটেলের সামনে সাংবাদিকদের দেখে মেজাজ হারান লিটন। পুনেতে টিম হোটেলের সামনে গণমাধ্যমকর্মীদের দেখে নিরাপত্তাকর্মীদের ডাকেন তিনি। তাদের মাধ্যমে সংবাদকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছাড়ার ব্যাপারে বলেন এই ওপেনার।
টাইগার এই ওপেনারের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপের আগে থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। সেই ধারাবাহিক ব্যর্থতা বিশ্বকাপেও অব্যাহত। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের প্রথম বলে আউট হয়ে লজ্জাজনক রেকর্ডে সামিল হয়েছিলেন তিনি।




