আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামছে সাকিব বাহিনী।
বৃহস্পতিবার চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হাই-ভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।
আজকের ম্যাচের আগে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮টি ম্যাচে। আর বাকি একটি ম্যাচ বাতিল হয়ে গেছে।
তবে সবশেষ ৪ ওয়ানডেতে মুখোমুখি দেখায় ভারতের বিপক্ষে ৩ ম্যাচে জিতেছে টাইগাররা। গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল লিটন দাসের দল। এরপর এশিয়া কাপেও জয় পেয়েছে টাইগাররা।
ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৪ বারের দেখায়ও এগিয়ে ভারত। ২০০৭ সালে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে তামিম-সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরিতে অবিস্মরণীয় জয় পেয়েছিল টাইগাররা। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের তিন ম্যাচেই ছিল পরাজয়।
দুই দলের মুখোমুখি দ্বৈরথে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের দখলে। সর্বশেষ দেখায় ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম ইন্ডিয়া। আর বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০৭। মুস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচে মিরপুরে সেই রান করেছিল বাংলাদেশ।




