বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসার তাসকিন আহমেদ খেলতে পারবেন না— এমন খবরই দেশের গণমাধ্যমে। এমনকি বিশ্বকাপ মিশনই শেষ তাসকিনের এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। মূলত এ পেসারের পুরোনো কাঁধের ইনজুরি ফিরে আসায় এমন শঙ্কা জেগেছে। তাই প্রোটিয়াদের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই।
এদিকে প্রোটিয়াদের বিপক্ষে দলপতি সাকিব আল হাসানকে নিয়েও শঙ্কা আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চোটে পড়ায় ভারতের বিপক্ষে মাঠে নামা হয়নি তার।
তাই এ মুহূর্তে বড় প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব থাকবেন কি না! এ নিয়ে এখনও পরিষ্কার কোনো বার্তা দেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ভালো আছেন সাকিব। কিন্তু টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলবেন কি না, সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো বার্তা না আসায় রোববার দলীয় অনুশীলনেই চোখ সবার। সেখানেই বোঝা যাবে, সাকিবের অবস্থা কেমন! এদিন পেসার তাসকিনও অনুশীলন করেছেন। তাই তার বিষয়েও সিদ্ধান্ত জানাতে পারে টিম ম্যানেজমেন্ট।
যদিও ভারত ম্যাচের আগে অনুশীলন করেছিলেন সাকিব। এ সময়ে কোচ কোচ হাথুরুসিংহে জানিয়েছিলেন, সাকিবের ব্যাটিং এবং রানিং দুটোই ভালো ছিল।
ভারত ম্যাচের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে সাকিবকে বিশ্রাম দিয়েছি। ম্যাচ খেলে চোট বেড়ে গেলে সমস্যা হবে। সে পুরোপুরি ফিট হয়ে পরের পাঁচ ম্যাচে খেললে ভালো।




