স্বাধীনতা কাপে গ্রুপ-‘বি’ এ নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের। কিন্তু শক্তিশালী আবাহনীর বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। ফলে ছিটকে গেছে ২০১৩ সালের চ্যাম্পিয়নরা।
একই দিনে আশা জাগিয়েও শেষ আট নিশ্চিত করতে পারেনি ফর্টিস এফসি। হার এড়ালেও কপাল পুড়েছে তাদের; কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার আবাহনীর বিপক্ষে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে শেখ রাসেল।
আবাহনীর গোল দুটি করেছেন জোনাথন রেইস ও ওয়াশিংতন ব্রান্দাও।
শেখ রাসেলের ব্যর্থতায় তাদের সমান ৪ পয়েন্ট পেয়েও পরের ধাপে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়ন আবাহনী।
গ্রুপ-‘সি’ এর অপর একটি ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল-এমন সমীকরণ নিয়ে গ্রুপের শেষ ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মোহামেডান। তবে গোল খেয়ে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল টুর্নামেন্টের সর্বাধিক তিনবারের চ্যাম্পিয়নদের। তবে গোল শোধ করে প্রয়োজনীয় ড্র করেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাদাকালোরা।
মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেনের মিডফিল্ডার ভালেরির গোলে এগিয়ে যায় ফর্টিস। গোলটি ধরে রেখে মাঠ ছাড়তে পারলে ফর্টিসই পেতো কোয়ার্টার ফাইনালের টিকিট।
তবে ম্যাচে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে টুর্নামেন্টে টিকে থাকে ২০১৪ সালে সর্বশেষ স্বাধীনতা কাপ জেতা মোহামেডান। ৭৪ মিনিটে আবেদিন রাকিবের গোলটি স্বস্তি এনে দেয় মোহামেডান শিবিরে।
মোহামেডান, বাংলাদেশ সেনাবাহিনী ও ফর্টিস তিন দলের পয়েন্ট ও গোলগড় সমান হলে বেশি গোল করায় মোহামেডান ও সেনাবাহিনী কোয়ার্টার ফাইনালে ওঠে। বিদায় নেয় ফর্টিস।
গ্রুপ-‘এ’ থেকে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ এফসি। ৩ পয়েন্ট নিয়ে অন্য দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল লি.।
ডি- গ্রুপের একটি করে ম্যাচ বাকি থাকায় এখনো শেষ আট নিশ্চিত হয়নি। তবে ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বসুন্ধরা কিংস।
এএফসি কাপ ও জাতীয় দলের খেলার কারণে আপাতত দুই সপ্তাহের মতো বন্ধ থাকবে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট




