বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে নামি-দামি ক্রিকেটার সাইন করিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তার ব্যতিক্রম নয় চিটাগং কিংস। প্রায় দশ বছর পর বিপিএলে আবারো অংশগ্রহণ করা চিটাগং কিংস তাদের প্রথম চমক হিসেবে দলে ভিড়িয়েছিলো ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে।
আরও পড়ুনঃ- সাকিব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সে না থাকা ভোগাবে বাংলাদেশকে
মঈন আলীকে সাইন করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিটাগং কিংসের ভেরিফাইড পেজে বিষয়টি জানানো হয়। এরপর বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিন বরিশালের মিজানুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, মঈন আলী যদি বিপিএল খেলে তাহলে বরিশালের হয়েই খেলবে। এরপর থেকে ইংলিশ এই অলরাউন্ডারকে নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
এবার ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের মন্তব্যের বিপরীতে মঈন আলীকে নিয়ে পাল্টা মন্তব্য করলেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। বাংলাদেশের বিশ্বস্ত গণমাধ্যম ‘খেলাযোগকে’ দেয়া এক সাক্ষাৎকারে সামির কাদের জানিয়েছেন, চিটাগং কিংসের সাথে মঈন আলীর সবধরণের চুক্তি সম্পূর্ণ হয়ে আছে।
এই প্রসঙ্গে সামির কাদের চৌধুরী বলেন, ‘আমি আগেও বলেছি, আমি মাসখানেক আগেও মঈন আলীকে কন্ট্রাক্ট পাঠিয়ে রেখেছি। তার সাথে আমার সব অ্যাগ্রীমেন্ট করা আছে। এখন এরপরেও যদি কেউ বলে এখানে তো আমার করণীয় কিছু নেই। আমি তো আর লুকোচুরি কিছু করিনি। এছাড়া যদি বিপিএলে ওনার কাছে (মিজানুর রহমান) এসে খেলে তাহলে তার কোনো জাদুর লাটি আছে।’
গেলোবারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন এই ডানহাতি অলরাউন্ডার। সেবার ব্যাট-বল দুভাবেই আলো ছাড়িয়েছেন মঈন। দেশের রাজনৈতিক পালা বদলের কারণে দেশ ত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামাল। আর এই সুযোগে মঈন আলীকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পুরনো ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস। এবার মঈনকে নিয়ে বেঁধেছে নতুন জটলা। আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। শেষ পর্যন্ত দেখা যাক মঈন আলী কোন দলের হয়ে বিপিএল মাতাতে আসে।




