চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটকীয়তা যেনো থামছেনা। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শুরু থেকে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিয়াই)। ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ ও সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে গেলেও রোহিত-কোহলিদের খেলতে দেখা যায়নি পাকিস্তানে।
২০২৩ সালের এশিয়া কাপের পূর্ণাঙ্গ আসর পাকিস্তানে হওয়ার কথা থাকলেও নানা টালবাহানায় সেটা গড়িয়েছে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে। যেখানে ভারত প্রতিটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কাতে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারো পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর হাইব্রিড মডেলে করার দাবি তুলেছিলো ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিয়াই।
ক’দিন আগে ক্রিকইনফো জানিয়েছিলো, পিসিবির চাওয়া অনুযায়ী ভারত লিখিত উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছেনা ভারত। কিন্তু পাকিস্তান তাতে রাজি না হওয়ায় এবার নতুন খবর পাকিস্তান ‘হাইব্রিড মডেল’ না মানলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত করানো হবে। মূলত ভারত সরকারের অনুমতি না পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হাইব্রিড মডেল চেয়েছিলো ভারত।
এশিয়া কাপের সর্বশেষ আসরের মতো পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের সবকটি ম্যাচ। যেখানে ভেন্যু হিসেবে বিবেচনায় রেখেছে দুবাই ও শারজাহকে। এবার মহসিন নাকভি সাফ জানিয়ে দিয়েছেন হাইব্রিড মডেলের পক্ষে নন তারা। পিসিবির এই সভাপতি জানান, সাম্প্রতিক বছরগুলো ভারতের সাথে তারা যথেষ্ট সৌজন্যতা দেখিয়েছে। লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অনেক সৌজন্য দেখিয়েছে। তবে যাই হোক, আমরা তো সব সময় সৌজন্য দেখাব না।’




