ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন কিংবা চেক বাউন্স—চলমান বিপিএলে বিতর্কিত সব কর্মকাণ্ডেই জড়িয়ে আছে দুর্বার রাজশাহীর নাম। এবারের আসরের সবচেয়ে আলোচিত সমালোচিত দলটিও পদ্মাপাড়ের এই ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিতর্কে বারবার উঠে এসেছে তাদের নাম।
এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা নিয়ে আলোচনায় দুর্বার রাজশাহী।রাজশাহীর এমন নির্দেশনা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।
বিষয়টির ব্যাখ্যা দিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিছু ক্রিকেটারের অনুরোধের পরে, দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’





