ফাইনালের মঞ্চ, ব্রাজিল ও আর্জেন্টিনা লড়াই। হোক ক্লাব ফুটবল, তবুও তাতে ছিল উন্মাদনা। আর সেখানে ব্রাজিলের ক্লাবকে হারিয়ে দিলো আর্জেন্টিনার ক্লাব। রিকোপা সুদেমেরিকানার ফাইনালের প্রথম লেগে ব্রাজিলের সেরা ক্লাব বোটাফিগোকে হারায় আর্জেন্টিনার ক্লাব রেসিং। ফাইনালের মঞ্চে প্রথম লেগে তারা জয় পায় ২-০ গোলে।
সর্বশেষ পাচ মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জাতীয় দলের বিপক্ষে ৪ জয় আর্জেন্টিনার। মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামবে দুই দল। তার আগে সাম্প্রতিক সময়ের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে আর্জেন্টিনা দল। এছাড়া যুব লাতিন আমেরিকান কাপে শিরোপা হারালেও ব্রাজিলের কাছে হারেনি আর্জেন্টিনা যুব দল। দুই ম্যাচের একটাতে পেয়েছে জয়, আরেকটাতে করেছে ড্র। সেই ধারা বজায় রেখে এবার ক্লাব পর্যায়ে ব্রাজিলের ক্লাবকে হারালো আর্জেন্টিনার ক্লাব।
অথচ নামে, ভারে সবকিছুতে এদিন ফেভারিট ছিল ব্রাজিলের ক্লাব বোটাফিগো। ব্রাজিলের গত আসরের লীগ জয়ী ক্লাব তারা। বিপরীতে আর্জেন্টাইন লীগ লীগ প্রফেশনালে গত আসরে তৃতীয় হয়েছে তাদের প্রতিপক্ষ রেসিং ক্লাব। এছাড়া বোটাফিগো জয় করেছে লাতিন আমেরিকান ক্লাব চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠ শিরোপা কোপা লিপার্তোদেস। আর অপরদিকে দ্বিতীয় সেরা ট্রফি কোপা সুদাআমেরিকানা জয় করেছে রেসিং ক্লাব। ইউরোপের সাথে তুলনা করলে কোপা লিপার্তোদেস চ্যাম্পিয়নস ট্রফি, আর কোপা সুদারআমেরিকানা ইউরোপা ট্রফি। আর সেখানেই শক্তিশালী বোটাফিগোকে হারিয়ে দিলো রেসিং ক্লাব।
বোটাফিগোর বিরুদ্ধে ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল পায় রেসিং ক্লাব। রেসিং ক্লাবের স্ট্রাইকার আদ্রিয়ানো মার্টিনেজকে বোটাফিগোর সেন্টার ব্যাক বারবোজা ফাউল করলে ভার থেকে পেনাল্টির বাশি বাজান রেফারি। আর সেই পেনাল্টিতে ডান পায়ের শটে গোল আদায় করেন রেসিং ক্লাবের নাম্বার টেন লুসিয়ানো। ফলে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় রেসিং ক্লাব।
বিরতি থেকে ফিরে ব্যাবধান দ্বিগুণ করে রেসিং ক্লাব। ৬৩ মিনিটে এবার নিজেই স্কোরশিটে নাম তুলেন মার্টিনেজ। তাকে এসিস্ট করেন লেফট উইঙ্গার ম্যাক্সিমিলানো সালাস। এরপর ম্যাচে আর কোন গোল না হলে ফাইনালের মঞ্চে প্রথম লেগ ২-০ গোলে শেষ করে রেসিং ক্লাব। পরবর্তী ম্যাচে ড্র করতে পারলেই কিংবা এক গোল হজম করলেও শিরোপা আসবে তাদের ঘরে।
এর আগে কোপা সুদারআমেরিকান এর নকআউটে দুই ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে রেসিং ক্লাব। সেমিফাইনালে তারা হারায় ব্রাজিলের ক্লাব করিন্থিয়াসকে। আর ফাইনালের মঞ্চে তাদের কাছে হারে আরেক ব্রাজিলের ক্লাব ক্রুজেও। অর্থ্যাৎ ব্রাজিল বধ পুরোনো নেশা রেসিং ক্লাবের জন্য। এবার দুই মহাদেশীয় সেরার লড়াইয়েও বজায় রাখলো সেই ধারা। আর তাতে জাতীয় দল, বয়সভিত্তিক দলের পর ক্লাব লেভেলেও আর্জেন্টাইন ক্লাবের কাছে আত্মসমর্পণ ব্রাজিলের ক্লাবের।




