অল্পতেই বড় গল্প বলা বা শোনা বাংলাদেশের দর্শকদের কাছে নতুন কিছু নয়,অ-১৯ এর জাওয়াদের ব্যাপারেও তাই এখন অতি উচ্চাকাঙ্খা রাখা অল্পতেই বাড়াবাড়ির মতন।তবে আলোচনা বা শিরোনাম না হওয়া তরুনরা যে আরো আগেই আড়াল হয়ে যায় সেটিও বাস্তবতা।
আর আবরারের পারফরম্যান্সই তাকে শিরোনাম করতে বাধ্য করছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠে চলতি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে যুব টাইগাররা।তবে দ্বিতীয় ম্যাচেই দলের ঢাল হয়ে দাড়িয়েছেন আবরার।
ঘুরে দাড়ানোর ম্যাচেই ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে অপরাজিত ১৩০ রান করেছিলেন জাওয়াদ। পরের ম্যাচে ৩৫ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর এবার আরেকটি সেঞ্চুরি হাকালেন তিনি।
যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। চারটি করে শতরান আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের, তিনটি এনামুল হকের।
আর তার পরের লিস্টেই এখন জাওয়াদের নাম
আজ তার দারুন ব্যাটিংয়ে রেকর্ড সংখ্যক রানের জয় পেয়েছে যুব টাইগাররা।
কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৭.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৯ রান তুলে ফেরেন কালাম সিদ্দিকী আলিন। ১৯ রান করেন তিনি।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম এদিন রানআউট হয়ে ফেরেন ২৩ রানে। এর পর রিজন হোসেনকে নিয়ে ১৩৫ রানের জুটি গড়েন জাওয়াদ। এর মধ্যেই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জাওয়াদ। তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
১৪টি চার ও ৩ ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করেন তিনি। রিজনের ব্যাট থেকে আসে ৮২ রান। এর পর মোহাম্মদ আবদুল্লাহর ৩২ ও সামিউন বাশির রাতুলের ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রানের পাহাড় তোলে বাংলাদেশ।
জবাবে শুরু থেকেই উইকেট খোঁয়াতে থাকে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬৬ রান করেন ভিমাথ দিনসারা।
রাসিথের ব্যাটে আসে ৩৯ রান। আল ফাহাদ এই ম্যাচেও শিকার ধরেন তিনটি। সানজিদ মজুমদার ও তামিম নেন দুটি করে উইকেট। ম্যাচ জেতানো ইনিংসের পর জাওয়াদ বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি, তাও তিন ম্যাচে দুটো।
আমার জন্য দল জিততে পেরেছে, দলের জয়ে অবদান রাখতে পেরেছি; এ জন্য খুশি লাগছে। সামনে বিশ্বকাপ রয়েছে। আমাদের দলটা ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই খুব ভালো।
আশা করি বিশ্বকাপে দেশের জন্য ভালো কিছু করবো। দলগতভাবে আমাদের যে প্রতিভা আছে সে অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো।’
সম্ভাবনাময় এই ব্যাটারকে বিসিবি যথেষ্ট যত্ন করে বিশ্বমানের করবে এমনটাই প্রত্যাশা।




